পিরোজপুরে উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় নতুন করে ২০ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

আক্রান্ত ২০ জনের মধ্যে ১২ জন পিরোজপুর জেলা হাসপাতালে, পাঁচজন ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং তিনজন নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি মৌসুমে জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১৭ জনে। যা বরিশাল বিভাগের জেলায় গুলোর মধ্যে সর্বোচ্চ। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৭৫ জন। বর্তমানে জেলা হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে চিকিৎসাধীন ৪০ জন রোগী। তাছাড়া চলতি মাসে একজনের মৃত্যুর কথা জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।

স্বাস্থ্য বিভাগ জানায়, হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের একটি বড় অংশ রাজধানী ঢাকায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নিজ জেলায় ফিরে চিকিৎসা নিচ্ছেন। আক্রান্তদের মধ্যে পিরোজপুর সদর, ভাণ্ডারিয়া ও নেছারাবাদ উপজেলার বাসিন্দাদের সংখ্যাই বেশি।

পিরোজপুরে ২৪ ঘণ্টায় ২০ জনের ডেঙ্গু শনাক্ত

পিরোজপুর সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসা ডেঙ্গু রোগী রফিক শেখ বলেন, ‘গত ৬ তারিখে ভর্তি হয়েছি। চিকিৎসার মান ভালো কিন্তু জায়গা স্বল্পতার কারণে অনেক সমস্যা হচ্ছে।’

শাহরিয়ার নামে আরেকজন বলেন, ‘জ্বর নিয়ে ঢাকা থেকে এসেছি। এখানে এসে ডাক্তারের পরামর্শে ডেঙ্গু টেস্ট করাই। টেস্টের রেজাল্টে ডেঙ্গু ধরা পড়েছে।’

পিরোজপুর জেলা সিভিল সার্জন মো. মতিউর রহমান বলেন, ‘ডেঙ্গু বিষয়ে মানুষকে সচেতনতায় আমরা কাজ করে যাচ্ছি। পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং জমে থাকা পানি অপসারণসহ বিভিন্ন বিষয়ের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।’

ডেঙ্গু প্রতিরোধে জমে থাকা পানি অপসারণ, মশার বংশবিস্তার রোধ করাসহ জ্বর দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। পাশাপাশি বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে বলে সতর্ক করা হয়েছে।

মো. তরিকুল ইসলাম/এসআর/এএসএম