বয়স মাত্র ১৮। অথচ তাঁর দাম ১০০ মিলিয়ন ইউরো! বিশ্বকাপের মঞ্চে নজর কেড়ে এবার ইংলিশ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে পা রাখলেন মরক্কোর তরুণ মিডফিল্ডার আয়ুব বুয়াদ্দি। লিল থেকে তাঁকে দলে ভিড়িয়েছে ম্যানচেস্টার সিটি।
বুয়াদ্দিকে পেতে সিটির খরচ হচ্ছে সর্বোচ্চ ১০০ মিলিয়ন ইউরো। এর মধ্যে ৯৫ মিলিয়ন ইউরো দেওয়া হবে প্রাথমিকভাবে, বাকি ৫ মিলিয়ন ইউরো যুক্ত হতে পারে বিভিন্ন বোনাসের মাধ্যমে। ২০৩১ সাল পর্যন্ত পাঁচ বছরের চুক্তিতে ইতিহাদে পা রেখেছেন এই তরুণ।
এই দলবদলের সঙ্গে তৈরি হয়েছে নতুন ইতিহাসও। প্রিমিয়ার লিগে কোনো কিশোর ফুটবলারের জন্য এর আগে এত বড় অঙ্কের অর্থ খরচ হয়নি। ২০২৪ সালে লিল থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে ৭০ মিলিয়ন ইউরোতে যাওয়া লেনি ইয়োরোর রেকর্ড ভেঙে দিয়েছেন বুয়াদ্দি।
সিটির এবারের গ্রীষ্মে এ নিয়ে দুজন মিডফিল্ড সংযোজন করল। এর আগে নটিংহাম ফরেস্ট থেকে এলিয়ট অ্যান্ডারসনকে দলে নিয়েছে তারা। রদ্রি বার্সেলোনায় চলে যাওয়ার পর মাঝমাঠ শক্তিশালী করতে বুয়াদ্দির আগমন তাই বেশ তাৎপর্যপূর্ণ।
সিটিতে যোগ দিয়ে উচ্ছ্বসিত বুয়াদ্দি বলেন, ‘ম্যানচেস্টার সিটি আমার কাছে বিশ্বের সেরা ক্লাব। নিজেকে সিটির খেলোয়াড় বলতে পারা একটি স্বপ্নপূরণ। জীবনের বেশির ভাগ সময় আমি কঠোর পরিশ্রম করেছি, যাতে নিজে সেরা খেলোয়াড় হয়ে উঠতে পারি এবং ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারি।’
বিশ্বকাপেও নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন বুয়াদ্দি। মরক্কোর ছয় ম্যাচের পাঁচটিতে শুরু থেকে খেলেছেন তিনি। ব্রাজিলের বিপক্ষে ১-১ গোলের ড্র হওয়া ম্যাচে তাঁর পারফরম্যান্স বিশেষভাবে নজর কেড়েছিল।
গার্দিওলার সময় থেকেই সিটিকে অনুসরণ করা বুয়াদ্দি যোগ করেন, ‘গার্দিওলার অধীনে ম্যানচেস্টার সিটিকে দেখে আমি বড় হয়েছি, তিনি যখন এসেছিলেন এবং যা করেছিলেন, তা অসাধারণ ছিল।’
তবে বুয়াদ্দিকে দলে নেওয়ার পরও সিটির মাঝমাঠ নিয়ে পরিকল্পনা থামছে না। চেলসির এনজো ফার্নান্দেজকে নিয়েও আগ্রহ রয়েছে তাদের। অর্থাৎ ১০০ মিলিয়নের তরুণ তারকা এলেও দলবদলের শেষ মুহূর্তে আরও বড় চমক দেখাতে পারে ম্যানচেস্টার সিটি।








