কোনো ধরনের সেফটি রোপ বা হারনেস ছাড়াই তাঁরা এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের প্রায় ১,৪৫৪ ফুটউঁচু অ্যান্টেনা টাওয়ারের চূড়ায় পৌঁছে প্রপোজ করেন। তারপর ব্যানারে লিখে তুলে ধরেন এক পাওয়ারফুল মেসেজ।
গতকাল ১ জুলাই বুধবার রাশিয়ার দুই পরিচিত রুফটপার (উঁচু ভবনের চূড়ায় ঝুঁকিপূর্ণভাবে আরোহণকারী) অ্যাঞ্জেলা নিকোলাউ এবং ইভান বেয়ারকাস (ইভান কুজনেৎসভ) অবৈধভাবে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে অবস্থিত বিখ্যাত ১০২ তলা স্কাইস্ক্রেপার এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের ওপরের অ্যান্টেনা টাওয়ারে উঠে বিশ্বজুড়ে চাঞ্চল্য সৃষ্টি করেন।

চরম ঝুঁকিপূর্ণ এই অভিযানের মধ্যেই ইভান অ্যান্টেনার ওপরে অ্যাঞ্জেলাকে বিয়ের প্রস্তাব দেন। অ্যাঞ্জেলা প্রস্তাব গ্রহণ করলে তাদের বাগদান সম্পন্ন হয়। তবে এই ঘটনার পরপরই নিউইয়র্ক পুলিশ তাঁদের আটক করে।
গতকাল স্থানীয় সময় অনুযায়ী, দুপুরের দিকে নিউইয়র্কের জরুরি সেবায় একের পর এক ফোন আসতে শুরু করে। প্রত্যক্ষদর্শীরা জানান, কালো পোশাক ও মুখোশ পরা দুই ব্যক্তি ম্যানহাটনের ঐতিহাসিক এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের সর্বোচ্চ অংশে উঠে যাচ্ছেন। কোনো ধরনের সেফটি রোপ বা হারনেস ছাড়াই তারা প্রায় ১,৪৫৪ ফুট (৪৪৩ মিটার) উঁচু অ্যান্টেনা টাওয়ারের চূড়ায় পৌঁছে যান।


চূড়ায় পৌঁছে তারা একটি বড় কালো ব্যানার খুলে ধরেন, যাতে সাদা অক্ষরে লেখা ছিল 'হোয়েন দ্য পাওয়ার অব লাভ বিটস দ্য লাভ অব পাওয়ার, দ্য ওয়ার্ল্ড নোজ পিস' অর্থাৎ যখন ভালোবাসার শক্তি ক্ষমতার প্রতি ভালোবাসাকে হারিয়ে দেয়, তখনই পৃথিবী শান্তির প্রকৃত রূপ চিনতে পারে। বিখ্যাত রক শিল্পী জিনি হেন্ড্রিক্সের নামে এই ধরনের একটি উক্তি বেশ প্রচলিত আছে।
এরপর দুপুর ১২টা ৩৫ মিনিটের দিকে তাঁরা কিছুটা নিচের একটি রক্ষণাবেক্ষণ প্ল্যাটফর্মে নামেন। সেখানে ইভান বেয়ারকাস ক্যামেরা সেট করে এক হাঁটু গেড়ে অ্যাঞ্জেলা নিকোলাউকে বিয়ের প্রস্তাব দেন। নিকোলাউ প্রস্তাবে সম্মতি জানান, মুখোশ খুলে নতুন এনগেজমেন্ট রিং দেখিয়ে বেশ কয়েকটি সেলফিও তোলেন।


তদন্তকারীদের মতে, তারা ১০২তম তলার অবজারভেশন ডেকের একটি তালাবদ্ধ রক্ষণাবেক্ষণ হ্যাচ দিয়ে নিরাপত্তা ব্যবস্থা ফাঁকি দিয়ে ভেতরে প্রবেশ করেন।
ঘটনার খবর পেয়ে নিউইয়র্ক পুলিশের ইমার্জেন্সি সার্ভিসেস ইউনিট আশপাশের সড়ক বন্ধ করে টাওয়ারে ওঠে। পুলিশের প্রকাশ করা বডিক্যাম ভিডিওতে দেখা যায়, কর্মকর্তারা টাওয়ারের ভেতরের শেষ দিকের সিঁড়ি বেয়ে উঠে দম্পতিকে নিচে নামার সময় আটক করেন।


দুপুর ১টার আগেই কোনো ধরনের সংঘর্ষ ছাড়াই তাঁদের আটক করা হয়। তাঁদের বিরুদ্ধে অনধিকার প্রবেশ ও বেপরোয়া আচরণের ( অভিযোগ আনার প্রস্তুতি নেওয়া হয়। এ ঘটনায় কেউ আহত হননি।
এম্পায়ার স্টেট বিল্ডিং কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, দর্শনার্থীদের নিরাপত্তা কখনোই ঝুঁকির মুখে পড়েনি। একই সঙ্গে তারা রসিকতা করে উল্লেখ করে, ভবনটিতে আইনসম্মত ও নিরাপদভাবে বিয়ের প্রস্তাব দেওয়ার বিশেষ প্যাকেজও রয়েছে।
এই দম্পতি হলেন অ্যাঞ্জেলা নিকোলাউ (৩৩) এবং ইভান বেয়ারকাস (৩২)। তারা বিশ্বের পরিচিত দুইজন এক্সট্রিম ক্লাইম্বার এবং বর্তমানে যুক্তরাষ্ট্রের ইস্ট অরেঞ্জ, নিউ জার্সিতে বসবাস করেন।
View this post on InstagramA post shared by A N G E L A N I K O L A U (@angela_nikolau)

এই ডেয়ারডেভিল কাপল ২০২৪ সালের নেটফ্লিক্স ডকুমেন্টারি স্কাইওয়াকার্স: আ ট্রু লাভস্টোরি-র মূল চরিত্র হিসেবে পরিচিত। এই ডকুমেন্টারিতে বিশ্বের বিভিন্ন সুউচ্চ ভবনে (যেমন মেরদেকা ১১৮) অবৈধভাবে আরোহণের ঘটনা এবং সেই অভিযানের মধ্যেই গড়ে ওঠা তাঁদের প্রেমের গল্প তুলে ধরা হয়েছে। এর আগে চীনসহ বিভিন্ন দেশেও একই ধরনের অভিযানের কারণে তাঁরা একাধিকবার গ্রেপ্তার ও আটক হয়েছেন।








