চট্টগ্রাম কাস্টমস হাউজ চলতি মাসে ১৬৮ কন্টেইনার পণ্য ই-অকশন পদ্ধতিতে নিলামে বিক্রির উদ্যোগ নিয়েছে।

কাস্টমস হাউজ খালাস না হওয়া ও নিলামযোগ্য বিভিন্ন পণ্য নিষ্পত্তির লক্ষ্যে নিয়মিতভাবে এভাবে নিলাম আয়োজন করে। যার উদ্দেশ্য চট্টগ্রাম বন্দরের কর্ম উপযোগিতা ও সক্ষমতা বৃদ্ধি, বিদ্যমান কন্টেইনার জট নিরসন, ভৌত ও আর্থিক নিরাপত্তাসহ জানমালের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সর্বোপরি রাষ্ট্রীয় সম্পদের অপচয় রোধ।

মঙ্গলবার (৭ জুলাই) এ তথ্য জানান জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ।

এনবিআর জানায়, জারি করা নিলামের স্থায়ী আদেশ ও বিশেষ আদেশ অনুসারে বিশেষ ই-অকশনে ৭৬ লটে ৯৩ কন্টেইনার পণ্য নিলামে বিক্রি করা হবে। এতে রয়েছে বিভিন্ন ধরনের কেমিক্যাল, বিটুমিন, যন্ত্রপাতি-যন্ত্রাংশ, প্লাস্টিক সিট, চেস্ট ফ্রিজার, পাইপ, বিভিন্ন ধরনের কাপড়, কাগজ ও গৃহস্থালি পণ্য ইত্যাদি। এসব পণ্যচালানের নিলামে কোনো সংরক্ষিত মূল্য থাকছে না।

আরও পড়ুন

চট্টগ্রাম বন্দরে লক করা ২৫০ কনটেইনারের হদিস মিলছে না

এছাড়া জারি করা আরেকটি স্থায়ী আদেশ অনুসারে ই-অকশনে ৫৫ লটে মোট ৭৫ কন্টেইনার পণ্য নিলামে বিক্রি করা হবে। যাতে থাকছে বিভিন্ন ধরনের ক্যাপিটাল মেশিনারিজ, ফেব্রিক্স, পিভিসি ফ্লেক্স ব্যানার, ব্যাডমিন্টন র‍্যাকেট, এলিভেটর, এয়ার ফিল্টার, ক্রাফট লাইনার পেপার ও লবণসহ অন্যান্য পণ্য।

এনবিআর জানায়, কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার লক্ষ্যে সম্পূর্ণ ডিজিটাল প্রক্রিয়ায় এই নিলাম পরিচালিত হবে। এটি অধিকতর প্রতিযোগিতামূলক করার জন্য ই-অকশনের পণ্য ১৩ থেকে ২০ জুলাই এবং বিশেষ ই-অকশনের পণ্য ১৬ থেকে ২৩ জুলাই পর্যন্ত অফিস চলাকালে বিডারদের জন্য পরিদর্শন করে অনলাইনে বিড করার ব্যবস্থা রয়েছে।

আগ্রহী ক্রেতারা ঘরে বসেই কাস্টমসের অফিসিয়াল ই-অকশন পোর্টালে নিবন্ধন করে ই-অকশনের দরপত্র ১২ থেকে ২২ জুলাই বিকেল ৩টা পর্যন্ত এবং বিশেষ ই-অকশনের দরপত্র ১৪ থেকে ২৬ জুলাই বিকেল ৩টা পর্যন্ত অনলাইনে দাখিল করতে পারবেন। অনলাইন বিডিংয়ের সময় প্রস্তাবিত দরমূল্যের ন্যূনতম ১০ শতাংশ জামানতের স্ক্যান কপি আপলোড করতে হবে এবং নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট মূল কাগজপত্র দাখিল করতে হবে। সর্বোচ্চ দরদাতাদের আমদানি নীতি আদেশের প্রযোজ্য শর্ত পরিপালন সাপেক্ষে পণ্যগুলো গ্রহণ করতে হবে।

সংস্থাটি জানায়, ২২ জুলাই বিকেল সাড়ে ৩টায় ই-অকশনের এবং ২৭ জুলাই বেলা ১১টায় বিশেষ ই-অকশনের দরপত্র বাক্স উন্মুক্ত করা হবে।

এসএম/একিউএফ