দেশের বাজারে ২০০ মেগাপিক্সেলের ক্যামেরাযুক্ত নতুন স্মার্টফোন এনেছে ইনফিনিক্স। ‘নোট ৬০ আলট্রা’ মডেলের ফোনটির পেছনে ২০০ মেগাপিক্সেলের মূল ক্যামেরার পাশাপাশি ৫০ মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা রয়েছে। ক্যমেরাগুলোতে ৩ দশমিক ৫ গুণ অপটিক্যাল ও সর্বোচ্চ ১০০ গুণ ডিজিটাল জুম করার সুযোগ থাকায় দূরের ছবি ভালোভাবে তোলা যায়। সেলফির জন্য ৩২ মেগাপিক্সেলের ক্যামেরাও রয়েছে ফোনটিতে। আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ইনফিনিক্স বাংলাদেশ।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৪০০ আলটিমেট ৫জি প্রসেসরে চলা ফোনটিতে ১.৫কে পর্দা রয়েছে যার রিফ্রেশ রেট ১৪৪ হার্জ এবং উজ্জ্বলতা সর্বোচ্চ ৪৫০০ নিটস। ফলে সহজেই উন্নত রেজোল্যুশনের ছবি ও ভিডিও দেখা যায়। ১২ গিগাবাইট র‍্যাম ও ৫১২ গিগাবাইট ধারণক্ষমতা থাকায় ফোনটিতে দ্রুত বিভিন্ন কাজ করা যায়।

ফোনটিতে ৭ হাজার মিলিঅ্যাম্পিয়ারের সিলিকন ব্যাটারি রয়েছে, ফলে একবার পূর্ণ চার্জে দীর্ঘ সময় ব্যবহার করা যায়। ১০০ ওয়াটের ফাস্ট চার্জিং প্রযুক্তি থাকায় মাত্র ১৮ মিনিটে ফোনটির ব্যাটারি ৫০ শতাংশ পর্যন্ত চার্জ করা সম্ভব। ৫০ ওয়াটের ওয়্যারলেস চার্জিং সুবিধার ফোনটিতে সেলফ-হিলিং ও বাইপাস চার্জিং প্রযুক্তি থাকায় ব্যাটারি দীর্ঘদিন ভালো থাকে। ফোনটির দাম ধরা হয়েছে ৯৯ হাজার ৯৯৯ টাকা।

নোট ৬০ আলট্রার পাশাপাশি নোট ৬০ প্রো মডেলের বিশেষ সংস্করণ ‘তোরিনো ব্ল্যাক’ বাজারে এনেছে ইনফিনিক্স। স্ন্যাপড্রাগন প্রসেসরে চলা ফোনটিতে ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা, ১.৫কে রেজোল্যুশনের ১৪৪ হার্টজ সুবিধার পর্দা ও জেবিএল স্টেরিও স্পিকার রয়েছে। ৯০ ওয়াটের ফাস্ট ও ৩০ ওয়াটের ওয়্যারলেস চার্জিং সুবিধাও রয়েছে ফোনটিতে। ৪৫ হাজার ৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে ফোনটি।