বান্দরবান শহরে ৫০০ টাকার জন্য একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বান্দরবান পৌরসভার নিউগুলশান এলাকায় আজ মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত উচিংনু মারমা ওরফে সেলিম পলাতক রয়েছেন।
নিহত ব্যক্তির নাম উচনু মারমা (৪৫)। তিনি বান্দরবান পৌরসভার নিউগুলশান এলাকার থোয়াইনুচিং মারমার ছেলে। উচিংনু মারমা ও নিহত উচনু মারমা পরস্পরের আত্মীয়।
পুলিশ ও স্থানীয় সূত্র বলেছে, দুপুরে পাওনা ৫০০ টাকা আদায়কে কেন্দ্র করে উচনু মারমার সঙ্গে উচিংনু মারমার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উচনুকে বেধড়ক মারধর করেন উচিংনু। এতে উচনু মারমা অচেতন হয়ে পড়লে স্থানীয়রা তাঁকে বান্দরবান সদর হাসপাতালে নেন। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর অভিযুক্ত উচিংনু মারমা পালিয়ে যান।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ পারভেজ বলেন, ৫০০ টাকার ধার নিয়ে বিরোধের জেরে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তারে অভিযান চলছে।








