বাষট্টি বছর বয়সে তৃতীয়বার বিয়ে করে হইচই ফেলে দিয়েছেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান। গতকাল দুপুরে ২৫ বছরের পরিচিত বন্ধুর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির বেশ কিছু তারকা অভিনয়শিল্পী রয়েছেন, যারা তিনটি করে বিয়ে করেছেন। তাদের কেউ কেউ তৃতীয় সংসারে সুখী জীবন কাটাচ্ছেন, কেউবা তৃতীয় সংসারের ইতি টেনে একা জীবনযাপন করছেন। এমন ৬ তারকার বিয়ের গল্প নিয়ে এই প্রতিবেদন—
আদনান সামি পাকিস্তানি বংশোদ্ভূত সংগীতশিল্পী আদনান সামি যুক্তরাজ্যের লন্ডনে জন্মগ্রহণ করেন। বলিউডে পা রেখে গায়ক হিসেবে খ্যাতি কুড়ান। ২০১৬ সালে ভারতীয় নাগরিকত্ব গ্রহণ করেন। ১৯৯৩ সালে পাকিস্তানি অভিনেত্রী জেবা বখতিয়ারকে প্রথম বিয়ে করেন আদনান সামি। জেবার চেয়ে নয় বছরের ছোট ছিলেন আদনান সামি। বয়সের ফারাক থাকা সত্ত্বেও জেবার প্রেমে পড়েন এবং বিয়ে করেন তিনি। কিন্তু তাদের সম্পর্ক চার বছরও টেকেনি। ১৯৯৬ সালে তাদের বিবাহবিচ্ছেদ ঘটে। এ সংসারে একটি পুত্রসন্তান রয়েছে।
২০০১ সালে সাবা গালাদারিকে বিয়ে করেন আদনান সামি। বিয়ের দেড় বছরের মাথায় অর্থাৎ ২০০৩ সালে এ সংসারও ভেঙে যায়। ২০০৮ সালে পুনরায় মুম্বাই ফিরেন দুবাইয়ের বাসিন্দা সাবা এবং সংসার শুরু করেন। কিন্তু এক বছর পর তাদের বিবাহবিচ্ছেদ ঘটে। ২০১০ সালে রোয়া ফারিয়াবিকে বিয়ে করেন আদনান সামি। এ সংসারে তাদের একটি কন্যাসন্তান রয়েছে।
করন সিং গ্রোভার মডেল ও বলিউড অভিনেতা করন সিং গ্রোভার। ২০০৮ সালের ডিসেম্বরে ছোটপর্দার অভিনেত্রী শ্রদ্ধা নিগমের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন এই অভিনেতা। এটি তার প্রথম বিয়ে। তবে এ বিয়ে বেশি দিন স্থায়ী হয়নি। মাত্র ১০ মাসের মাথায় এই সংসার ভেঙে যায়। ২০১২ সালে জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী জেনিফার উইংগেটকে বিয়ে করেন করন সিং গ্রোভার। বিয়ের দুই বছর পর অর্থাৎ ২০১৪ সালে তাদের বিবাহবিচ্ছেদ ঘটে। ২০১৬ সালে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী বিপাশা বসুকে বিয়ে করেন করন। তাদের একটি কন্যাসন্তান রয়েছে। এক দশকের দাম্পত্য জীবনে খুব ভালো সময় পার করছেন এই যুগল।
পবন কল্যাণ তেলুগু সিনেমার জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিবিদ পবন কল্যাণ। ১৯৯৭ সালে নন্দিনীকে প্রথম বিয়ে করেন তিনি। ২০০৭ সালে ভেঙে যায় এ সংসার। ২০০৯ সালে অভিনেত্রী রেণু দেশাইকে বিয়ে করেন পবন। ২০১২ সালে এ সংসারের ইতি টানেন তারা। পবন-রেণু দম্পতির দুটি সন্তান রয়েছে। ২০১১ সালে ‘টিন মার’ সিনেমার শুটিং সেটে রাশিয়ান মডেল-অভিনেত্রী আন্না লেজনেভার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান পবন কল্যাণ। ২০১৩ সালের ডিসেম্বরে ঘরোয়া আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন এই যুগল। এ সংসারে পোলেনা অঞ্জনা পবনোভা নামে এক কন্যা এবং মার্ক শঙ্কর পবনোভিচ নামে একটি পুত্রসন্তান রয়েছে।
সঞ্জয় দত্ত বলিউড অভিনেতা সঞ্জয় দত্তের জীবনই একটি সিনেমা। আশির দশকে অভিনেত্রী টিনা মুনিমের সঙ্গে প্রেম ভাঙার পর বিয়ের সিদ্ধান্ত নেন সঞ্জয় দত্ত। ১৯৮৭ সালে অভিনেত্রী রিচা শর্মাকে প্রথম বিয়ে করেন এই অভিনেতা। কিন্তু ভাগ্য ভীষণ নির্মম। সুখ সয়নি এ দম্পতির। কারণ ব্রেন টিউমারে আক্রান্ত হন রিচা। ১৯৯৬ সালে মারা যান এই অভিনেত্রী। ১৯৯৮ সালে মডেল রিয়া পিল্লাইকে বিয়ে করেন দাপুটে এই নায়ক। তবে ২০০৮ সালে ছাড়াছাড়ি হয়ে যায় তাদের। বিচ্ছেদের বছরই সঞ্জয় দত্ত তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসেন। এবার পাত্রী মান্যতা। ২০১০ সালে যমজ সন্তানের বাবা-মা হন এই দম্পতি। ১৮ বছরের দাম্পত্য জীবনে অটুট রয়েছে তাদের বন্ধন।
কমল হাসান ভারতের দক্ষিণী সিনেমার বরেণ্য অভিনেতা, নির্মাতা কমল হাসান। ১৯৭৮ সালে নৃত্যশিল্পী-অভিনেত্রী বাণী গণপতির সঙ্গে প্রথম ঘর বাঁধেন তিনি। বিয়ের পর কমল হাসানের কস্টিউম ডিজাইনার হিসেবে কাজ করেন বাণী। এক দশক পর তাদের বিবাহবিচ্ছেদ ঘটে। প্রথম সংসার ভাঙার পর অভিনেত্রী সারিকার সঙ্গে লিভ-ইন সম্পর্কে জড়ান কমল। ১৯৮৮ সালে সারিকাকে বিয়ে করেন তিনি। ১৯৮৬ সালে তাদের সংসার আলো করে জন্ম নেয় কন্যা শ্রুতি হাসান, ১৯৯১ সালে জন্মগ্রহণ করে দ্বিতীয় কন্যা অক্ষরা হাসান। ২০২২ সালে আদালতে বিচ্ছেদের আবেদন করেন সারিকা-কমল। ২০০৫ সালে অভিনেত্রী গৌতমের সঙ্গে লিভ-ইন সম্পর্কে জড়ান এই অভিনেতা। ২০১৬ সালে এ সম্পর্কের ইতি টানেন তারা। এরপর আর বিয়ে করেননি কমল হাসান।
নীলিমা আজিম ভারতীয় সিনেমার ভার্সেটাইল অভিনেত্রী, নৃত্যশিল্পী নীলিমা আজিম। ১৯৭৯ সালে অভিনেতা পঙ্কজ কাপুরকে প্রথম বিয়ে করেন নীলিমা। ১৯৮৪ সালে পাঁচ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন তারা। এ দম্পতির একটি পুত্রসন্তান রয়েছে। আর সে অন্য কেউ নন, অভিনেতা শহিদ কাপুর। ১৯৯০ সালে অভিনেতা, ভয়েস আর্টিস্ট রাজেশ খাট্টারকে বিয়ে করেন নীলিমা। এ সংসারেও একটি পুত্রসন্তান রয়েছে। তার নাম—ইশান খাট্টার। শহিদের মতো ইশানও অভিনয়ে পা রেখেছেন। ২০০১ সালে দ্বিতীয় সংসারের ইতি টানেন নীলিমা। ২০০৪ সালে ক্লাসিক্যাল ভোকাল আর্টিস্ট, ওস্তাদ রাজা আলী খানের সঙ্গে ঘর বাঁধেন নীলিমা আজিম। এ সংসারও টিকেনি। ২০০৯ সালে তৃতীয় সংসারের সমাপ্তি ঘটান নীলিমা। তারপর থেকে একা জীবনযাপন করছেন এই অভিনেত্রী।
*ভ্যারাইটি ইন্ডিয়া অবলম্বনে








