রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল ও হাতিরঝিল এলাকায় অবৈধ বিদ্যুৎ সংযোগের মাধ্যমে ব্যাটারিচালিত অটোরিকশা চার্জিংয়ের বিরুদ্ধে যৌথ অভিযান চালিয়েছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি) ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক তেজগাঁও বিভাগ।

সোমবার (৬ জুলাই) ডিএমপির ট্রাফিক বিভাগ এ তথ্য জানায়। সূত্র জানায়, রোববার (৫ জুলাই) রাত সাড়ে ১১টা থেকে সোমবার ভোর ৩টা ৩০ মিনিট পর্যন্ত তেজগাঁও শিল্পাঞ্চল ও হাতিরঝিল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় অবৈধ চার্জিংয়ের কাজে ব্যবহৃত এক পিকআপভর্তি বৈদ্যুতিক তার, মাল্টিপ্লাগ, সকেট এবং অন্যান্য অবৈধ সংযোগ সামগ্রী জব্দ করা হয়।

অভিযানে ট্রাফিক পুলিশের পাশাপাশি ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) কর্মকর্তা ও কারিগরি দল অংশ নেয়। এ সময় বিদ্যুতের খুঁটি ও বিতরণ লাইন থেকে নেওয়া ৭টি মিটারসহ মোট ১২টি অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

এছাড়া চার্জিংয়ের কাজে ব্যবহৃত এক পিকআপভর্তি বৈদ্যুতিক তার, মাল্টিপ্লাগ, সকেট ও অন্যান্য অবৈধ সংযোগ সামগ্রী জব্দ করা হয়।

ডিপিডিসির অভিযোগের ভিত্তিতে অবৈধ বিদ্যুৎ সংযোগের সঙ্গে জড়িত একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া ৪০টি ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করা হয়েছে।

সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা, যানজট নিরসন এবং নিরাপদ নগরী গড়ে তুলতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানিয়েছে সংশ্লিষ্টরা।

টিটি/এমএএইচ/