চট্টগ্রাম: ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানে ভাঙচুর, চাঁদা দাবি ও টেলিফোনে হুমকির ঘটনাকে পুরো আইএসপি শিল্পের জন্য গভীর নিরাপত্তা সংকটের ইঙ্গিত বলে মনে করছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)। মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের চট্টগ্রাম বিভাগের আহ্বায়ক রাজিব শাহরিয়ার রুবেল এ মন্তব্য করেন।
সংবাদ সম্মেলনের আগে ব্যানার-ফেস্টুন নিয়ে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে নগরের ইন্টারনেট ব্যবসায়ীরা অংশ নেন। এরপর আয়োজিত সংবাদ সম্মেলনে সোমবারের ডিজিটাল ডট নেট (ডিডিএন) কার্যালয় হামলার ঘটনাকে অত্যন্ত উদ্বেগজনক বলে উল্লেখ করা হয়।
কী বললেন আইএসপিএবি নেতা
রাজিব শাহরিয়ার রুবেল বলেন, চাঁদার দাবিতে ডিডিএন অফিসে হামলা ও ভাঙচুর কোনো একক প্রতিষ্ঠানের সমস্যা নয়। সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন অঞ্চলে আইএসপি মালিকদের কাছে চাঁদা দাবি, ফোন হুমকি ও দাবি না মানলে হয়রানি বা হামলার মতো ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে বলে তিনি দাবি করেন। এ ধরনের পরিস্থিতিকে সমগ্র খাতের নিরাপত্তা সংকট হিসেবে দেখছেন সংগঠনটি।
তিনি আরও বলেন, আজকের অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, ব্যাংকিং, ই-কমার্স ও সরকারি-বেসরকারি সেবায় ইন্টারনেট মৌলিক অবকাঠামো। আইএসপি প্রতিষ্ঠান নিরাপদ পরিবেশে কাজ করতে না পারলে ক্ষতি শুধু একটি শিল্পে সীমাবদ্ধ না থেকে দেশের ডিজিটাল ও অর্থনৈতিক কার্যক্রমেও ছড়িয়ে পড়তে পারে বলে তিনি সতর্ক করেন।
নিরাপত্তাহীনতা চলতে থাকলে ইন্টারনেট সেবা সচল রাখা বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে উল্লেখ করে তিনি বলেন, জনস্বার্থ বিবেচনা করেও খাতকে কঠিন সিদ্ধান্তের মুখে ফেলার পরিস্থিতি কেউ চায় না।
কী কী দাবি
সংবাদ সম্মেলনে ডিডিএন হামলায় জড়িতদের দ্রুত শনাক্ত ও আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি, সব আইএসপি প্রতিষ্ঠান ও নেটওয়ার্ক অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি ব্যবস্থা, চাঁদাবাজি ও হয়রানির ঘটনা গুরুত্বের সঙ্গে তদন্ত এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবি জানানো হয়।

