অভিন্ন প্রশ্নপত্রে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা। বাংলা প্রথম পত্রের পরীক্ষার মাধ্যমে সকাল ১০টায় এ পরীক্ষা শুরু হবে।

পূর্ণাঙ্গ পাঠ্যসূচির ভিত্তিতে অনুষ্ঠিত এ পরীক্ষায় দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে শিক্ষা বোর্ডগুলো প্রশ্নপত্রের নিরাপত্তা, কেন্দ্র ব্যবস্থাপনা এবং পরীক্ষার্থীদের জন্য বিভিন্ন কঠোর নির্দেশনা জারি করেছে।

এদিকে পরীক্ষা চলাকালে নিরাপত্তা নিশ্চিত করতে কেন্দ্রের ২০০ গজের মধ্যে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

নির্ধারিত সূচি অনুযায়ী লিখিত পরীক্ষা ২ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত চলবে। এরপর ১৫ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন করতে হবে। ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ইতোমধ্যে পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে।

সকালের পরীক্ষা চলবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত। দ্বিতীয় শিফটের পরীক্ষা অনুষ্ঠিত হবে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত হয়ে নিজ নিজ আসনে বসতে হবে।

এ বছর নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী পরীক্ষার জন্য নিবন্ধন করেছেন। এর মধ্যে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী ১০ লাখ ৬৯ হাজার ৭১৪ জন এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে ২ লাখ ৮৬৯ জন। গত বছরের তুলনায় পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে ১৯ হাজার ৪৭২ জন।

নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এবার একই প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, প্রশ্নফাঁস রোধে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে সব বোর্ডে উত্তরপত্র মূল্যায়নের ক্ষেত্রে সমমান বজায় রাখার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।

দেশজুড়ে ২ হাজার ৯৯৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ১৪৫টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রের মধ্যে ৪০টি রাজধানী ঢাকায় অবস্থিত।

পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য কেন্দ্র পরিচালনা, প্রশ্নপত্র পরিবহন, উত্তরপত্র সংরক্ষণ, পরীক্ষার্থী প্রবেশ, কক্ষ ব্যবস্থাপনা, ক্যালকুলেটর ব্যবহার, শৌচাগার তদারকি এবং ডিজিটাল নজরদারিসহ মোট ৩৫টি নির্দেশনা জারি করা হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, প্রতি ২০ জন পরীক্ষার্থীর জন্য একজন কক্ষপরিদর্শক দায়িত্ব পালন করবেন। তবে কোনো কক্ষে দুইজনের কম কক্ষপরিদর্শক রাখা যাবে না। আসন বিন্যাসেও নির্দিষ্ট নিয়ম অনুসরণ করতে হবে। পাঁচ ফুট দৈর্ঘ্যের বেঞ্চে দুইজন এবং চার ফুট দৈর্ঘ্যের বেঞ্চে একজন পরীক্ষার্থী বসতে পারবেন।

প্রশ্নপত্রের নিরাপত্তা নিশ্চিত করতে বহুস্তরীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরীক্ষা শুরুর তিন দিন আগে ট্রেজারি বা থানা লকারে সংরক্ষিত প্রশ্নপত্র সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে যাচাই করতে হবে। পরীক্ষার দিন পুলিশি নিরাপত্তার মধ্যে প্রশ্নপত্র কেন্দ্রে পৌঁছে দেওয়া হবে। নির্ধারিত সেট কোড পাওয়ার পরই প্রশ্নপত্র খোলা যাবে। নির্ধারিত সেটের বাইরে অন্য কোনো প্রশ্নপত্র ব্যবহার করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির কর্মকর্তারা জানিয়েছেন, প্রশ্নফাঁসের সুযোগ নেই বললেই চলে। নকলমুক্ত ও সুষ্ঠু পরিবেশে পরীক্ষা আয়োজনের সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। তবুও কোনো কারণে প্রশ্নফাঁসের ঘটনা ঘটলে সারা দেশের ওই দিনের পরীক্ষা স্থগিত করে নতুন তারিখে পুনরায় পরীক্ষা নেওয়া হবে।

The post আজ শুরু এইচএসসি ও সমমান পরীক্ষা, অংশ নিচ্ছে ১২ লাখের বেশি শিক্ষার্থী appeared first on ZoomBangla.