হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) গত ২১ মে সংঘটিত সহিংসতার ঘটনায় তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে ৬৬ শিক্ষার্থীর বিরুদ্ধে বিভিন্ন ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। বুধবার উপাচার্যের অনুমোদনক্রমে রেজিস্ট্রার অধ্যাপক ড. আবু হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, আবাসন ও শৃঙ্খলা বোর্ডের ২৭তম সভার সিদ্ধান্ত অনুযায়ী চার ক্যাটাগরিতে এসব শাস্তি দেওয়া হয়েছে। প্রথম ক্যাটাগরিতে উচ্ছৃঙ্খল আচরণের দায়ে ৮ শিক্ষার্থীকে ছয় মাসের জন্য হল থেকে বহিষ্কার, লিখিত সতর্কীকরণ এবং দুই হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। দ্বিতীয় ক্যাটাগরিতে অস্ত্র হাতে ক্যাম্পাসে ভীতিকর পরিস্থিতি সৃষ্টির অভিযোগে ৬ শিক্ষার্থীকে ছয় মাসের জন্য একাডেমিক কার্যক্রম ও হল থেকে বহিষ্কার এবং পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তৃতীয় ক্যাটাগরিতে রাষ্ট্রীয় সম্পদ ভাঙচুরের অভিযোগে ৪৬ শিক্ষার্থীকে এক বছরের জন্য একাডেমিক কার্যক্রম ও হল থেকে বহিষ্কার এবং ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। দ্বিতীয় ও তৃতীয় ক্যাটাগরির শিক্ষার্থীরা ভবিষ্যতে আবাসিক হলে আসন পাবেন না। চতুর্থ ক্যাটাগরিতে সহকারী প্রক্টরের ওপর হামলার অভিযোগে ৬ শিক্ষার্থীকে আজীবনের জন্য একাডেমিক কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়েছে।








