আমাদের দেশে উৎপাদিত ওষুধের মান কোনো অংশেই কম নয়, বরং বেশিরভাগ ওষুধই অত্যন্ত উচ্চমানের বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, এসব ওষুধ বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে এবং সেখানকার রোগীরা এই ওষুধ ব্যবহার করে সন্তুষ্ট।আজ মঙ্গলবার (৭ জুলাই) রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘বাংলাদেশে স্বাস্থ্যখাতে উদ্যোক্তা হওয়ার পথ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।স্বাস্থ্যমন্ত্রী জানান, চলতি বছরে গ্রামপর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার এবং এটিই প্রধানমন্ত্রীর মূল স্লোগান। তিনি বলেন, "আমরা শুধু মুখে বলছি না, এটি বাস্তবায়নও করতে যাচ্ছি। চলতি মাস থেকে নতুন বাজেট ঘোষণার সঙ্গে সঙ্গে এ কার্যক্রম শুরু হয়ে গেছে। প্রধানমন্ত্রী নিজেই এটি পর্যবেক্ষণ করছেন।"একই অনুষ্ঠানে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বেসরকারি উদ্যোক্তাদের সরকার সব সময় উৎসাহিত করছে। এবারের বাজেটেও চিকিৎসা সরঞ্জাম উৎপাদন খাতে বিনিয়োগের জন্য উদ্যোক্তাদের প্রচুর সুযোগ-সুবিধা ও প্রণোদনা দেওয়া হয়েছে।অর্থমন্ত্রী আরও বলেন, বাংলাদেশে এখন দক্ষ উদ্যোক্তা তৈরি হয়েছে। উপযুক্ত পরিবেশ আর সঠিক নীতিমালা পেলে তারা বিশ্বমঞ্চে সেরাটা দেখাতে পারবেন। এই সবকিছুর পেছনে দিনশেষে সঠিক নেতৃত্বই সবচেয়ে গুরুত্বপূর্ণ।জনগণকে স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে অর্থমন্ত্রী বলেন, "আমাদের একজন নেতা আছেন, যিনি দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আমাদের পথ দেখাচ্ছেন। আমরা এখন সপ্তাহের সাত দিনই কাজ করছি। জনগণকে দেওয়া স্বাস্থ্যসেবার প্রতিশ্রুতি সরকার অবশ্যই পূরণ করবে।"