ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, আমরা দলীয় অন্ধত্বে বিশ্বাস করি না। ক্ষমতার অপব্যবহারও চাই না। সবাই মিলে এই রাজশাহী মহানগরকে আরও এগিয়ে নিতে হবে।
শুক্রবার (২৪ জুলাই) দুপুরে রাজশাহীতে তিন দিনব্যাপী ৩ থেকে ১৮ বছর বয়সী শিশু শিক্ষার্থীদের হৃদরোগ শনাক্তকরণ ও চিকিৎসা কার্যক্রমের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘রাজশাহী আমাদের সবার। সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায়ই আমাদের প্রিয় রাজশাহী আরও এগিয়ে যাবে।’
হার্ট ফাউন্ডেশনের কার্যক্রমের প্রশংসা করে তিনি বলেন, হার্ট ফাউন্ডেশন তিলে তিলে আজকের অবস্থানে এসেছে। শিশু শিক্ষার্থীদের হৃদরোগ শনাক্তকরণ ও চিকিৎসার জন্য তিন দিনব্যাপী যে কার্যক্রম পরিচালনা করেছে, তা নিঃসন্দেহে একটি প্রশংসনীয় উদ্যোগ। ভবিষ্যতেও তারা আরও ভালো কাজ করবে বলে আমি আশা করি।’
ফাউন্ডেশনের বিভিন্ন দাবির প্রসঙ্গে ভূমিমন্ত্রী বলেন, ‘হার্ট ফাউন্ডেশনে ভবিষ্যতে আরও বেশি অনুদান নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি হাসপাতালটির কার্যক্রম আরও বৃহত্তর পরিসরে পরিচালনার জন্যও ব্যবস্থা গ্রহণ করা হবে।’
অনুষ্ঠানে জানানো হয়, তিন দিনের এ কর্মসূচিতে ইতোমধ্যে ২ হাজার ৫০০ জন শিশুর হৃদরোগ শনাক্তকরণ ও চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। এ কার্যক্রমে মোট ২ হাজার ৬০০ জন নিবন্ধন করেছিলেন।
সমাপনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার আ.ন.ম. ড. বজলুর রশীদ, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনার মোহাম্মদ ফয়েজউল্লাহ কবির, রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম এবং রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি হাসান আলী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হার্ট ফাউন্ডেশন রাজশাহীর সভাপতি আব্দুল মান্নান। সঞ্চালনা করেন হার্ট ফাউন্ডেশনের পরিচালক (প্রশাসন ও অর্থ) অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান।
উল্লেখ্য, গত ২২ জুলাই এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। তিন দিনব্যাপী ক্যাম্পে চীনের চার সদস্যের একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল অংশ নেয়। কর্মসূচিতে সহযোগিতা করে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল, ঢাকার শিশু হৃদরোগ বিভাগ।
মনির হোসেন মাহিন/কেএইচকে/জেআইএম








