সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া অন্ধ ও অসুস্থ একটি ঘোড়ার দায়িত্ব নিয়ে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন সাতক্ষীরার কলারোয়া উপজেলার চান্দুড়িয়া গ্রামের কলেজছাত্র সোহান হোসেন। এই মানবিক উদ্যোগের প্রশংসা করে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে তাকে আর্থিক সহায়তা ও উপহারসামগ্রী দেওয়া হয়েছে। মঙ্গলবার রাতে জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুলের নির্দেশনা ও তত্ত্বাবধানে সাতক্ষীরা জেলা যুবদলের সাবেক প্রধান সমন্বয়ক আইনুল ইসলাম নান্টা সোহানের বাড়িতে গিয়ে এসব সহায়তা তুলে দেন।
কয়েকদিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, স্থানীয় একটি শ্মশানের পাশে একটি অন্ধ ও গুরুতর অসুস্থ ঘোড়া পড়ে আছে। ভিডিওটি দেখে সোহান ঘটনাস্থলে ছুটে গিয়ে প্রাণীটিকে উদ্ধার করে নিজের বাড়িতে নিয়ে আসেন। স্থানীয় প্রাণীচিকিৎসক পরীক্ষা করে জানান, ঘোড়াটির দুটি চোখই স্থায়ীভাবে নষ্ট হয়ে গেছে এবং এর দৃষ্টিশক্তি আর ফিরিয়ে আনা সম্ভব নয়। এরপরও সোহান প্রাণীটিকে পরিত্যাগ না করে পরিবারের সদস্যদের নিয়ে তার পরিচর্যার দায়িত্ব নেন। তিনি বলেন, দুচোখ অন্ধ হলেও এটি একটি জীবন্ত প্রাণী। যতদিন বাঁচবে, আমরা এর যত্ন নেব। সোহানের এই মানবিক উদ্যোগের খবর সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে তারেক রহমানের নজরে এলে তিনি তার প্রশংসা করেন এবং সহযোগিতার নির্দেশ দেন।








