নাটোরের সিংড়ায় পারিবারিক কলহের জেরে সাত মাসের অন্তঃসত্ত্বা এক নারীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।

মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে ডাহিয়া ইউনিয়নের কুঞ্চীভদ্রা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বুলবুলি খাতুন (২৫) ওই গ্রামের মোহাম্মদ আব্দুল্লাহর স্ত্রী। এ ঘটনায় আব্দুল্লাহকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুলবুলি ও তার স্বামী আব্দুল্লাহর মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। মঙ্গলবার বিকেলে তাদের চার বছর বয়সী মেয়ের সামনেই দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়। একপর্যায়ে আব্দুল্লাহ ধারালো অস্ত্র দিয়ে বুলবুলিকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যান।

আরও পড়ুন

রাজধানীতে বিএনপি কর্মীকে হাত বিচ্ছিন্ন ও বুকে ছুরি মেরে হত্যা

এসময় চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে ঘরের ভেতর রক্তাক্ত অবস্থায় বুলবুলিকে পড়ে থাকতে দেখেন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় এক চিকিৎসকের কাছে নেওয়া হলে তিনি মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হেফাজতে নেয়। পরে এলাকাবাসীর সহযোগিতায় অভিযান চালিয়ে অভিযুক্ত স্বামী আব্দুল্লাহকে আটক করা হয়।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

রেজাউল করিম রেজা/একিউএফ/