আন্তর্জাতিক এআই ইনোভেশন অ্যান্ড লিডারশিপ কনসোর্টিয়াম (আইএআইআইএলসি) প্রেস্টিজ অ্যাওয়ার্ড ২০২৬ পেয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো)। নেতৃত্ব, উদ্ভাবন, সুশাসন, শিক্ষা, সাইবার নিরাপত্তা, টেকসই উন্নয়ন, অর্থনৈতিক অগ্রগতি ও বৈশ্বিক সহযোগিতায় অসামান্য অবদান ও দূরদর্শী নেতৃত্বের আনুষ্ঠানিক স্বীকৃতি হিসেবে বাক্কোকে এই মর্যাদাপূর্ণ পুরস্কার দেওয়া হয়।

শনিবার (২৫ জুলাই) সকালে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের পদ্মা হলে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে এই পুরস্কার তুলে দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। বাক্কোর পক্ষে সংগঠনের সাধারণ সম্পাদক ফয়সল আলিম এই পুরস্কার গ্রহণ করেন। এক প্রেস বিজ্ঞপ্তিতে বাক্কো এসব তথ্য জানিয়েছে।

অনুষ্ঠানে উল্লেখ করা হয়, উদ্ভাবনের প্রসারে, সুশাসন সুদৃঢ়করণে, শিক্ষা ও দক্ষতা উন্নয়নে, সাইবার নিরাপত্তা উদ্যোগে সহায়তায়, টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখায় এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে বাক্কোর প্রমাণিত সাফল্য ও কাঠামোগত উৎকর্ষতাই এই পুরস্কারের মূল ভিত্তি।

এই আন্তর্জাতিক স্বীকৃতি বাংলাদেশের বিজনেস প্রসেস আউটসোর্সিং (বিপিও), ইনফরমেশন টেকনোলজি এনেবলড সার্ভিসেস (আইটিইএস) এবং ডিজিটাল সেবা শিল্পের বিকাশে বাক্কোর অব্যাহত প্রচেষ্টা ও অঙ্গীকারের প্রতিফলন। নীতি-সমর্থন, শিল্প উন্নয়ন, সক্ষমতা বৃদ্ধি, তরুণ প্রজন্মের দক্ষতা উন্নয়ন ও কৌশলগত আন্তর্জাতিক অংশীদারিত্বের মাধ্যমে বাক্কো বাংলাদেশকে একটি প্রতিযোগিতামূলক বৈশ্বিক আউটসোর্সিং গন্তব্য হিসেবে প্রতিষ্ঠিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

পুরস্কার গ্রহণের পর বাক্কোর সাধারণ সম্পাদক ফয়সল আলিম বলেন, এই আন্তর্জাতিক স্বীকৃতি পুরো বাংলাদেশ বিপিও ও আইটিইএস শিল্পের জন্য নিঃসন্দেহে একটি গর্বের অর্জন। আমরা এই পুরস্কার আমাদের সদস্য, শিল্প অংশীদার, সরকারি অংশীজন ও সেই হাজার হাজার নিবেদিতপ্রাণ পেশাদার ব্যক্তিকে উৎসর্গ করছি, যাদের অক্লান্ত পরিশ্রম ও নিষ্ঠা আমাদের খাতকে প্রতিনিয়ত এগিয়ে নিয়ে চলেছে। বাংলাদেশের জন্য একটি বৈশ্বিকভাবে প্রতিযোগিতামূলক, উদ্ভাবনী ও টেকসই ডিজিটাল সেবা শিল্প গড়ে তোলার প্রতিশ্রুতিতে বাক্কো সর্বদা অবিচল থাকবে।

বাক্কো এই মর্যাদাপূর্ণ স্বীকৃতির জন্য আন্তর্জাতিক এআই ইনোভেশন অ্যান্ড লিডারশিপ কনসোর্টিয়াম এবং ইউনিভার্সাল হিউম্যানিটি ফাউন্ডেশনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দন জানায়। একইসঙ্গে, দেশের ডিজিটাল অর্থনীতির অগ্রযাত্রায় আন্তরিক সহযোগিতার জন্য বাংলাদেশ সরকার, উন্নয়ন অংশীদার, সদস্য সংগঠন ও সব শিল্প অংশীজনের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে।

ইএইচটি/এসএএইচ