বিগত ১৮ বছরে আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে ভারতের ‘করদরাজ্যে’ পরিণত করেছিল বলেই দেশটি চীনের মতো উন্নত হতে পারেনি বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা রাশেদ খাঁন।শনিবার (২৭ জুন) দুপুরে ঝিনাইদহের কালীগঞ্জে দলীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ মন্তব্য করেন।রাশেদ খাঁন বলেন, ‘আজ যারা বলে বিএনপি সরকার ভারতের দালালি করছে, তারা ভুল প্রমাণিত হয়েছে। বিএনপি ভারতের দালালি করলে চীন সফরে না গিয়ে সরকারপ্রধান আগে ভারত সফর করতেন। আমরা ভারতের সঙ্গে ভালো সম্পর্ক চাই, কিন্তু তাদের দাদাগিরি বরদাস্ত করা হবে না।”সীমান্ত পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ‘বিজিবি এখন সীমান্তে সাহস ফিরে পেয়েছে। বিএনপি কোনো দেশের দালালি করে না—না ভারত, না পাকিস্তান। বিজিবি এখন চোখে চোখ রেখে জবাব দিচ্ছে।’এ সময় তিনি জামায়াতে ইসলামী ও অন্যান্য রাজনৈতিক দলের সমালোচনা করে বলেন, ‘জামায়াত ও এনসিপির নেতারা আজ সরকার পতনের হুমকি দেয়। অথচ আপনারা ১৭ বছর দলীয় কার্যালয়ের তালা খুলতে পারেননি। এখন বড় বড় কথা বলছেন।’বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহর সমালোচনা করে রাশেদ খাঁন বলেন, ‘হাসনাত আবদুল্লাহ সংসদে দুর্নীতির বিরুদ্ধে চ্যালেঞ্জ করেন। কিন্তু তিনি এই অন্তর্বর্তী সরকারের সময় সব সরকারি বরাদ্দ নিজের এলাকায় নিয়ে গেছেন। এটি কি দুর্নীতি নয়?’ছাত্রশিবিরের নেতাদের প্রতি প্রশ্ন ছুড়ে তিনি বলেন, ‘শিবিরের কেন্দ্রীয় নেতা পাকিস্তানে গিয়ে লাল গালিচা সংবর্ধনা নিয়ে দেশে ফিরে বিএনপিকে ভারতের দালাল বলছেন। তাহলে আপনারা কি পাকিস্তানের দালাল?’সাক্ষাৎকালে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।