ইনস্টাগ্রামে স্টোরি শেয়ার করা এখন দৈনন্দিন অভ্যাসে পরিণত হয়েছে। তবে সব সময় সব ফলোয়ারের সঙ্গে প্রতিটি মুহূর্ত ভাগাভাগি করতে সবাই স্বাচ্ছন্দ্যবোধ করেন না। অনেক সময় ব্যক্তিগত বা নির্দিষ্ট কিছু স্টোরি কেবল নির্বাচিত মানুষের জন্য রাখতে চান ব্যবহারকারীরা। আবার এমন হয় আপনি চান না যে মানুষটিকে আপনি পছন্দ করেন না সে আপনার স্টোরি দেখুক।
এমন পরিস্থিতির জন্য ইনস্টাগ্রামে রয়েছে একটি বিল্ট-ইন প্রাইভেসি ফিচার, যার মাধ্যমে নির্দিষ্ট ব্যক্তিদের কাছ থেকে স্টোরি ও লাইভ ভিডিও সহজেই লুকিয়ে রাখা যায়। সবচেয়ে বড় বিষয় হলো, যাদের কাছ থেকে স্টোরি লুকিয়ে রাখা হবে, তারা এ বিষয়ে কোনো নোটিফিকেশন পাবেন না বা বুঝতেও পারবেন না যে তাদের জন্য স্টোরি সীমিত করা হয়েছে।
যেভাবে নির্দিষ্ট ব্যক্তির কাছ থেকে স্টোরি লুকাবেন
স্টোরি লুকাতে নিচের ধাপগুলো অনুসরণ করুন-
- ইনস্টাগ্রাম অ্যাপ খুলে প্রোফাইলে যান।
- উপরের ডান পাশে থাকা তিন দাগ মেনুতে ট্যাপ করুন।
- সেটিংস অ্যান্ড অ্যাক্টিভিটি-তে প্রবেশ করুন।
- স্টোরি, লাইভ অ্যান্ড লোকেশন অপশনে যান।
- হাইড স্টোরি অ্যান্ড লাইভ ফ্রম নির্বাচন করুন।
- যাদের কাছ থেকে স্টোরি লুকাতে চান, তাদের নাম খুঁজে নির্বাচন করুন।
এরপর থেকে ওই ব্যক্তিরা আপনার নতুন স্টোরি বা লাইভ সম্প্রচার দেখতে পারবেন না।
আরও পড়ুন
ইনস্টাগ্রামে অচেনা বা স্প্যাম অ্যাকাউন্ট ডিলিট করবেন যেভাবে
তারা কি জানতে পারবেন?
না। ইনস্টাগ্রাম এ বিষয়ে কোনো ধরনের নোটিফিকেশন পাঠায় না। ফলে যার কাছ থেকে স্টোরি লুকিয়ে রাখা হয়েছে, তিনি বুঝতে পারবেন না যে তার জন্য এই সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে। এটি অনেকটা হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস প্রাইভেসি ফিচারের মতো কাজ করে।
পরে আবার স্টোরি দেখাতে চাইলে কী করবেন?
মত পরিবর্তন হলে একই সেটিংসে গিয়ে হাইড স্টোরি অ্যান্ড লাইভ ফ্রম তালিকা থেকে সংশ্লিষ্ট ব্যক্তির নামের পাশের নির্বাচন তুলে দিন। এরপর থেকে তিনি আপনার নতুন স্টোরি ও লাইভ কনটেন্ট আবার দেখতে পারবেন।
আরও পড়ুন
অনলাইনে ব্যবসা করতে লাগবে সরকারি ‘ডিবিআইডি নম্বর’, আবেদন করবেন যেভাবে
একটি বিষয় মনে রাখা জরুরি
এই ফিচারটি শুধু স্টোরি ও লাইভ ভিডিও-র ক্ষেত্রেই প্রযোজ্য। অর্থাৎ যাদের কাছ থেকে স্টোরি লুকিয়ে রাখবেন, তারা আপনার সাধারণ পোস্ট, রিলস বা প্রোফাইল আগের মতোই দেখতে পারবেন। শুধু স্টোরি এবং লাইভ কনটেন্ট তাদের কাছে দৃশ্যমান হবে না। ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করতে চাইলে ইনস্টাগ্রামের এই সহজ সেটিংটি বেশ কার্যকর হতে পারে। বিশেষ করে যাদের সঙ্গে সব ধরনের আপডেট ভাগ করতে চান না, তাদের জন্য এটি একটি উপকারী প্রাইভেসি ফিচার।
কেএসকে

