ইংল্যান্ডের বিশ্বকাপ সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে ২-১ গোলে হারের পর নতুন বিতর্কে জড়িয়েছেন জুড বেলিংহ্যাম। ম্যাচ শেষে আর্জেন্টিনার মিডফিল্ডার ভ্যালেন্তিন বারকোকে চড় মারার অভিযোগ উঠেছে ইংলিশ তারকার বিরুদ্ধে। ঘটনাটি নিয়ে ফিফা শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে বলে জানিয়েছে 'দ্য সান'।
প্রতিবেদন অনুযায়ী, শেষ বাঁশি বাজার পর বেলিংহ্যাম আর্জেন্টিনার কয়েকজন খেলোয়াড়কে অভিনন্দন জানাচ্ছিলেন। সেই সময় স্ট্রাসবুর্গের মিডফিল্ডার ভ্যালেন্তিন বারকোর সঙ্গে তার কথা কাটাকাটি হয়।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বারকোর একটি মন্তব্যে ক্ষুব্ধ হয়ে ওঠেন রিয়াল মাদ্রিদের এই মিডফিল্ডার। এরপর তিনি ডান হাত দিয়ে বারকোর মাথার পেছনে আঘাত বা চড় মারেন বলে অভিযোগ করা হয়েছে। পরে দুই দলের খেলোয়াড়রা এগিয়ে এসে পরিস্থিতি শান্ত করেন।
আরও পড়ুন
ইংলিশ গণমাধ্যমের দাবি / আর্জেন্টিনা ৩১টি ‘নোংরা কৌশলে’ হারিয়েছে ইংল্যান্ডকে
ঘটনাটি ম্যাচের কোনো কর্মকর্তা দেখতে পাননি। তবে ভিডিও ফুটেজের ভিত্তিতে ফিফা চাইলে ঘটনার তদন্ত করে শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে।
যদি ফিফা আনুষ্ঠানিক তদন্ত শুরু করে এবং বেলিংহ্যামকে দোষী সাব্যস্ত করে, তাহলে তিনি ফ্রান্সের বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে নিষিদ্ধ হতে পারেন। যদিও প্রতিবেদনে বলা হয়েছে, ফিফা চাইলে বিষয়টি উপেক্ষাও করতে পারে অথবা শুধু আর্থিক জরিমানা করেও ছেড়ে দিতে পারে।
এ বিষয়ে মন্তব্য জানতে ফিফার সঙ্গে যোগাযোগ করা হলেও, এখন পর্যন্ত সংস্থাটি কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেয়নি।
আরও পড়ুন
সমালোচনার ঝড় / আর্জেন্টাইন সমর্থকদের প্রতি অশালীন অঙ্গভঙ্গি ইংলিশ গোলরক্ষকের!
তবে এই বিতর্কের মধ্যেও বেলিংহ্যামের বিশ্বকাপ পারফরম্যান্স ছিল দারুণ। পুরো টুর্নামেন্টে তিনি ৬টি গোল করেছেন। মেক্সিকো ও নরওয়ের বিপক্ষে টানা দুই ম্যাচে জোড়া গোল করে ইংল্যান্ডকে নকআউট পর্বে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।
উল্লেখ্য, এখন পর্যন্ত ফিফা বেলিংহ্যামের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা ঘোষণা করেনি। তাই সম্ভাব্য নিষেধাজ্ঞার বিষয়টি এখনও কেবল সংবাদমাধ্যমের প্রতিবেদনের পর্যায়েই রয়েছে।
আরআর/এমএমআর








