মায়ামির বাতাসে এখন বারুদের গন্ধ। নকআউট ফুটবল মানেই তো সুতোর ওপর হাঁটা, যেখানে একটিমাত্র ভুল নিমেষেই চুরমার করে দিতে পারে বিশ্বজয়ের স্বপ্ন। ঠিক এমন এক অগ্নিপরীক্ষার মুখে দাঁড়িয়ে আর্জেন্টিনা। শুক্রবার মায়ামির হার্ড রক স্টেডিয়ামে শেষ ৩২-এর ম্যাচে আলবিসেলেস্তেরা মুখোমুখি হচ্ছে এবারের আসরের সবচেয়ে বড় চমক কেপ ভার্দের।
গ্রুপ পর্বে টানা তিন জয়ে উড়তে থাকা আর্জেন্টিনা ড্যালাসে জর্ডানকে ৩-১ গোলে হারিয়ে গ্রুপ সেরা হয়েই নকআউটে পা রেখেছে। অন্য দিকে, তিন ম্যাচের একটিতেও না হেরে, প্রতিপক্ষকে বোতলবন্দি করে শেষ ৩২-এ উঠেছে আফ্রিকার ‘ব্লু শার্কস’ বা নীল হাঙররা। কাগজ-কলমে আর্জেন্টিনা ফেভারিট হলেও, নকআউটের মঞ্চে যে কোনো সমীকরণ খাটেনা, তা ভালো করেই জানেন আর্জেন্টিনার মাস্টারমাইন্ড লিওনেল স্কালোনি।
মেসিনির্ভরতা নাকি রণকৌশল? ফোর্ট লডারডেলে ম্যাচের আগের সংবাদ সম্মেলনে যখন স্কালোনি এলেন, তখন অবধারিতভাবেই উঠল সেই চিরন্তন প্রশ্ন, আর্জেন্টিনা কি তবে অতিরিক্ত মেসিনির্ভর? গ্রুপ পর্বে দলের ৮টি গোলের মধ্যে ৬টিই এসেছে ৩৯ বছর বয়সী জাদুকরের পা থেকে। লাউতারো মার্তিনেজ বা হুলিয়ান আলভারেজদের অফ-ফর্ম নিয়ে যখন প্রশ্নবাণ ধেয়ে আসছিল, তখন বেশ শান্ত গলাতেই তার জবাব দেন কোচ।
স্কালোনি বিষয়টিকে মোটেও নেতিবাচকভাবে দেখছেন না। তার মতে, দলের অন্য খেলোয়াড়দের সামনেও সুযোগ তৈরি হয়েছিল। কিন্তু লিও যেহেতু তাদের অন্যতম মূল ফরোয়ার্ড, তাই গোলগুলো দিনশেষে ওই করেছে। এটা নিয়ে বিন্দুমাত্র চিন্তিত নন আর্জেন্টিনার ড্রেসিংরুমের এই কান্ডারি। তিনি কিছুটা আক্ষেপের সুরে বলেন, ‘অবশ্যই আমি চাই গোলগুলো দলের আরও অনেক খেলোয়াড়ের মধ্যে ভাগ হয়ে যাক। কিন্তু দল যদি ভালো খেলে এবং জেতে, তাহলে সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
অধিনায়ক মেসির খেলা প্রসঙ্গে স্কালোনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে, সব ধরনের কঠিন পরিস্থিতিতেই মেসি দলের হাল ধরেছেন, তাই এই ম্যাচেও তিনি খেলবেন। তবে সবটাই নির্ভর করবে ম্যাচের গতিপ্রকৃতি এবং মেসির শারীরিক অবস্থার ওপর।
'ভুলের সুযোগ নেই, যে হারবে সে বাড়ি যাবে’ নকআউট পর্বের নির্মম সত্যটা স্কালোনির চেয়ে ভালো আর কে বুঝবেন? তাই প্রতিপক্ষ কেপ ভার্দেকে এক চুলও ছাড় দিতে রাজি নন তিনি। এবারের বিশ্বকাপে ফ্রান্স বা মেক্সিকোর মতো দলগুলো অনায়াসে জিতলেও, বেশিরভাগ ম্যাচই যে কতটা কঠিন ছিল, তা মনে করিয়ে দিয়েছেন স্কালোনি।
প্রতিপক্ষকে সমীহ করে আর্জেন্টিনা কোচ সরাসরি সতর্কবার্তা দিয়ে বলেন, ‘আমরা ভালো অবস্থায় আছি এবং সবার মতোই রোমাঞ্চিত। সামনে এমন একটি প্রতিপক্ষ আছে, যাদের অবশ্যই সম্মান করতে হবে। তারা খুব ভালো খেলেছে এবং এখন ভুলের সুযোগও অনেক কম। যে হারবে, সে বাড়ি ফিরে যাবে। বিষয়টি আমরা ভালোভাবেই জানি।’
নীল হাঙরদের রক্ষণ ভাঙার ছক গ্রুপ পর্বে স্পেন ও সৌদি আরবের মতো দলকে আটকে দেওয়া কেপ ভার্দেকে কোনোভাবেই কাকতালীয় বলতে রাজি নন স্কালোনি। উরুগুয়ের বিপক্ষে তাদের লড়াই কিংবা সৌদি আরবের বিরুদ্ধে ম্যাচটিতে কেপ ভার্দেরই জেতা উচিত ছিল বলে মনে করেন তিনি।
কেপ ভার্দের রক্ষণভাগ ও কাউন্টার অ্যাটাক নিয়ে বেশ সতর্ক স্কালোনি। তিনি প্রতিপক্ষের শক্তি বিশ্লেষণ করে বলেন যে, তারা মাঝমাঠের পাসের পথ খুব নিখুঁতভাবে বন্ধ করে দেয় এবং কাউন্টার অ্যাটাকে ভীষণ বিপজ্জনক হয়ে ওঠে। তাছাড়া তাদের দলে বেশ কিছু টেকনিক্যালি দক্ষ খেলোয়াড় রয়েছে। তারা যে যোগ্য দল হিসেবেই এই মঞ্চে এসেছে, তা অকপটে স্বীকার করে স্কালোনি জানান, আর্জেন্টিনা তাদের প্রাপ্য সম্মান দিয়েই মাঠের লড়াইয়ে নামবে।








