কিশোরগঞ্জের নিকলী থানা থেকে রুবেল মিয়া (২২) নামে এক আসামির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ১১টার দিকে থানার হাজতখানা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত রুবেল উপজেলার কারাপাশা ইউনিয়নের শহরমূল এলাকার রাজা হাওলাদারের একমাত্র ছেলে।

রুবেলের বাবা রাজা হাওলাদার জানান, ছেলে দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিল। তাকে সুস্থ জীবনে ফেরাতে বহু চেষ্টা করেও ব্যর্থ হন। একপর্যায়ে তিনি নিজেই ছেলের বিরুদ্ধে মামলা করেন। সেই মামলায় রুবেল তিন মাস কারাভোগ করলেও মুক্তির পর আবারও মাদক নিতে শুরু করে এবং পরিবারের সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার করতে থাকে।

তিনি বলেন, ‘‘আজ (বৃহস্পতিবার) সকালে আমিই পুলিশকে খবর দিই। পুলিশ তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। আমি তার জন্য খাবার ও কাপড়চোপড় দিয়ে বাড়ি ফিরছিলাম। পথে জানতে পারি, রুবেল থানা হাজতে আত্মহত্যা করেছে।’’ 

নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, বাবার করা মামলায় আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ৯টার দিকে রুবেলকে গ্রেপ্তার করে থানা হাজতে রাখা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রুবেল নিজের পরনের শার্ট খুলে হাজতের গ্রিলের সঙ্গে বেঁধে আত্মহত্যা করেন। পরে আদালতে নেওয়ার জন্য পুলিশ হাজতে গিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।