বাগেরহাটে চাকরি বহালের দাবিতে বুধবার প্রশাসনিক ভবনে তালা দিয়ে অবস্থান কর্মসূচি পালন করছেন ২৫০ শয্যা জেলা হাসপাতালের আউটসোর্সিং কর্মচারীরা। হাসপাতালের পুরোনো ভবনের দোতলায় প্রশাসনিক ভবনের গেটে তালা দিয়ে করিডোরে অবস্থান নেন কর্মচারীরা। তারা ঠিকাদারকে উদ্দেশ্য করে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। অবস্থানকারীদের দাবি, দুই বছর ধরে তারা সরকারি সব নিয়মকানুন মেনে হাসপাতালে দায়িত্ব পালন করেছেন। কিন্তু নবনিযুক্ত ঠিকাদার এইচআরডি অ্যান্ড ই এজেন্সির স্বত্বাধিকারী সাইদুর রহমান অজানা কারণে অভিজ্ঞতাসম্পন্ন দক্ষদের বাদ দিয়ে নতুন কর্মচারী নিয়োগ দিয়েছেন। চাকরি ফিরে পেতে ৬৪ জন কর্মচারী সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে রিট আবেদনও করেছেন। চাকরিতে বহাল না করলে, আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন আউটসোর্সিং কর্মচারীরা।








