বৈরী আবহাওয়া ও টানা বৃষ্টির কারণে চট্টগ্রামের মিরসরাইয়ের বারৈয়াঢালা জাতীয় উদ্যান পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে বন বিভাগ।
বৃহস্পতিবার (৯ জুলাই) চট্টগ্রাম উত্তর বন বিভাগের বারৈয়াঢালা রেঞ্জ কার্যালয় থেকে এ-সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করা হয়।
চট্টগ্রাম উত্তর বন বিভাগের বারৈয়াঢালা রেঞ্জ কর্মকর্তা মো. আসমাউল আলম স্বাক্ষরিত এ আদেশের অনুলিপি বিভাগীয় বন কর্মকর্তা, মিরসরাই ও সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী বন সংরক্ষক (রেঞ্জ) এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
আদেশে বলা হয়, এর আগে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে জাতীয় উদ্যানটি ১০ জুলাই পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছিল। তবে, বর্তমান বৈরী আবহাওয়া ও টানা বৃষ্টিপাত অব্যাহত থাকায় বন প্রশাসন এবং উপজেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বারৈয়াঢালা জাতীয় উদ্যানের সব ধরনের ঝর্ণা ও পর্যটন স্পট বন্ধ থাকবে।
এ সময় পর্যটকদের জাতীয় উদ্যানে ভ্রমণ না করার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি উদ্যানে টিকিট বিক্রিও বন্ধ রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।
বন বিভাগ জানিয়েছে, আবহাওয়া পরিস্থিতির উন্নতি হলে এবং নতুন নির্দেশনা জারি হওয়ার পর জাতীয় উদ্যানটি পর্যটকদের জন্য পুনরায় খুলে দেওয়া হবে।








