বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে পারেনি তিনটি যাত্রীবাহী ফ্লাইট।

মঙ্গলবার (৭ জুলাই) বিমানবন্দর সূত্রে জানা যায়, ইউএস-বাংলা এয়ারলাইনসের আবুধাবি-চট্টগ্রাম রুটের ফ্লাইট BS350 চট্টগ্রামে অবতরণ করতে না পেরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ডাইভার্ট করা হয়।

একই কারণে এয়ার আরাবিয়ার শারজাহ-চট্টগ্রাম রুটের ফ্লাইট G9-526-ও ঢাকায় অবতরণ করে।

এ ছাড়া বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-চট্টগ্রাম রুটের ফ্লাইট BG121 চট্টগ্রামে অবতরণের চেষ্টা করেও বৈরী আবহাওয়ার কারণে পুনরায় ঢাকায় ফিরে যায়।

চট্টগ্রামে টানা ভারী বর্ষণ ও প্রতিকূল আবহাওয়ার কারণে বিমান চলাচলে এর প্রভাব পড়েছে।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, আবহাওয়ার উন্নতি হলে পরিস্থিতি অনুযায়ী ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হবে।

এমআরএএইচ/এসএনআর