পরীক্ষা ও মূল্যায়ন পদ্ধতিতে বৈষম্য দূরীকরণসহ ৫ দফা দাবিতে ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে কলেজ ক্যাম্পাস প্রাঙ্গণে এই কর্মসূচি পালিত হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশ নেন।বিক্ষোভ মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে প্রধান ফটকের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় শিক্ষার্থীরা বর্তমান শিক্ষাব্যবস্থার নানা সংকট ও শিক্ষার্থীদের ওপর মানসিক চাপ সৃষ্টির অভিযোগ তুলে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করে স্লোগান দেন।শিক্ষার্থীদের উত্থাপিত ৫ দফা দাবিগুলো হলো- পরীক্ষার প্রশ্নপত্রের জটিলতা পরিহার ও কেন্দ্রে অতিরিক্ত কড়াকড়ি বন্ধ করা, বন্যা পরিস্থিতির কারণে পরীক্ষা স্থগিতের ক্ষেত্রে বৈষম্যের যৌক্তিক ব্যাখ্যা প্রদান, মানবিক ও শিক্ষার্থীবান্ধব উপায়ে উত্তরপত্র মূল্যায়ন নিশ্চিত করা, পদার্থবিজ্ঞানের মতো কঠিন বিষয়গুলোর ফলাফলে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের বিষয়টি বিবেচনা করা এবং শিক্ষাব্যবস্থার সংকট নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ।সমাবেশে বক্তব্য দেওয়া ছাত্র প্রতিনিধিরা অভিযোগ করেন, পরীক্ষা ও মূল্যায়নের নামে শিক্ষার্থীদের ওপর অমানবিক মানসিক চাপ চাপিয়ে দেওয়া হচ্ছে। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, এই ৫টি যৌক্তিক দাবি অবিলম্বে মেনে নেওয়া না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষে শিক্ষার্থীরা আন্দোলনের পরবর্তী রূপরেখা ঘোষণা করেন। দাবি আদায়ের লক্ষ্যে আগামীকাল বুধবারও (১৫ জুলাই) কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দেওয়া হয়েছে।/