ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমানউল্লাহ আমান বলেছেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের গরিব মানুষের প্রতি ভালোবাসা ও মানবিক দৃষ্টিভঙ্গির প্রতিফলন ঘটেছে এবারের বাজেটে।” 

রবিবার (২৮ জুন) জাতীয় সংসদে বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। 

আমানউল্লাহ আমান বলেন, “১৯৯১ সাল থেকে যত বাজেট দেখেছি, তার মধ্যে এবারের বাজেট ব্যতিক্রমী ও স্মরণীয়।” 

তার অভিমত, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এবং অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর পরিকল্পনায় প্রণীত এ বাজেটে সাধারণ মানুষের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে।

বিএনপি দলীয় এ সংসদ সদস্য দাবি করেন, চাল, ডাল, আটা, তেল, লবণ, সাবান, মসলাসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর কর কমানো হয়েছে। পাশাপাশি শিক্ষা খাতে প্রায় ১ লাখ ৩৬ হাজার কোটি টাকা বরাদ্দ এবং প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ব্যাগ, পোশাক ও মধ্যাহ্নভোজের ব্যবস্থা করার উদ্যোগ যুগান্তকারী পদক্ষেপ।

তিনি বলেন, দীর্ঘ ১৮ বছর লন্ডনে অবস্থানকালে তারেক রহমান যে শিক্ষা ব্যবস্থার অভিজ্ঞতা অর্জন করেছিলেন, সেই চিন্তারই প্রতিফলন ঘটেছে এবারের বাজেটে।

বক্তব্যের একপর্যায়ে ব্যক্তিগত স্মৃতি তুলে ধরে আমানউল্লাহ আমান বলেন, কারাগারে থাকার সময় এক শীতের রাতে একজন বন্দি-সেবক ঠান্ডায় কাঁপছিলেন। তখন তারেক রহমান নিজের গায়ের জ্যাকেট খুলে ওই ব্যক্তিকে পরিয়ে দিয়ে বলেন, ‘এটা তোমার’। 

তিনি বলেন, হৃদরোগের চিকিৎসায় রিং পরানোর খরচ কমিয়ে আনার উদ্যোগসহ বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচি সাধারণ মানুষের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং এ বাজেট স্মরণীয় হয়ে থাকবে।