জাতীয় বাজেটে দক্ষিণাঞ্চলের দীর্ঘদিনের চার মেগা প্রকল্পের কোনো সুস্পষ্ট ঘোষণা বা বরাদ্দ না থাকায় ক্ষোভে উত্তাল হয়ে উঠেছে বরিশাল বিভাগের ছয় জেলা। ভাঙা-কুয়াকাটা ছয় লেন মহাসড়ক, ভোলা-বরিশাল সেতু, পাইপলাইনে গ্যাস সরবরাহ এবং রপ্তানিমুখী শিল্পাঞ্চল (ইপিজেড) প্রতিষ্ঠার দাবিতে গতকাল শুক্রবার জুমার নামাজের পর বিভাগের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন সাধারণ মানুষ।গতকাল দুপুর থেকে ভুরঘাটা থেকে ইল্লা, বরিশাল নগরের চৌমাথা থেকে রূপাতলী এবং পটুয়াখালী থেকে কুয়াকাটা পর্যন্ত কয়েক কিলোমিটার এলাকায় মহাসড়কের পাশে অবস্থান নেন শত শত মানুষ। ব্যবসায়ী, পেশাজীবী, শিক্ষার্থী ও রাজনৈতিক নেতা-কর্মীরা এই কর্মসূচিতে অংশ নেন। আন্দোলনকারীদের অভিযোগ, পদ্মা সেতু চালু হওয়ার পর এই অঞ্চলে বিনিয়োগের ব্যাপক সম্ভাবনা তৈরি হলেও প্রয়োজনীয় অবকাঠামোর অভাবে তা থমকে আছে।আন্দোলনকারীরা বলেন, ভাঙা থেকে কুয়াকাটা পর্যন্ত মহাসড়কটি বর্তমানে অত্যন্ত সংকীর্ণ ও ঝুঁকিপূর্ণ। এটি ছয় লেনে উন্নীত করা এখন বিলাসিতা নয়, সময়ের দাবি। এ ছাড়া ভোলার গ্যাস পাইপলাইনে বরিশালে আনা এবং ভোলা-বরিশাল সরাসরি যোগাযোগে লাহারহাট সেতু নির্মাণ করা না হলে এই অঞ্চলে শিল্পায়ন সম্ভব নয়।বরিশাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি এবায়দুল হক চান বলেন, ‘বাজেট ঘোষণার আগে থেকেই আমরা এই দাবিগুলো জানিয়ে আসছিলাম। এসব প্রকল্প বাস্তবায়িত হলে দক্ষিণাঞ্চলের অর্থনীতিতে আমূল পরিবর্তন আসবে। কিন্তু এবারের বাজেটে এর কোনো প্রতিফলন না থাকায় আমরা হতাশ।’জাতীয় সংসদের চলতি বাজেট অধিবেশনেও বরিশাল-৫ আসনের সংসদ সদস্য মজিবর রহমান সরোয়ারসহ ওই অঞ্চলের একাধিক জনপ্রতিনিধি এই চার মেগা প্রকল্পের দাবি জোরালোভাবে তুলে ধরেন। এমনকি জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনের সংসদ সদস্যরাও একই দাবি জানান। তবে বাজেটে কোনো দৃশ্যমান ঘোষণা না আসায় সাধারণ মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।মানববন্ধন থেকে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, অবিলম্বে এসব প্রকল্প বাস্তবায়নের রোডম্যাপ ঘোষণা করা না হলে বরিশাল বিভাগের ছয় জেলায় কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।
রাজনীতি
বাজেটে উপেক্ষিত বরিশাল : ৪ মেগা প্রকল্পের দাবিতে বিক্ষোভ

শেয়ার করুন







