বালিয়াডাঙ্গিতে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ চার স্কুলছাত্রীকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। বুধবার সিলেটের দক্ষিণ সুরমা এলাকার একটি বাসস্ট্যান্ড থেকে তাদের উদ্ধার করা হয়। উদ্ধার ছাত্রীদের বাড়ি উপজেলার চাড়োল ইউনিয়নের সাবাজপুর গ্রামে এবং সাবাজপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। জানা যায়, মঙ্গলবার সকালে ওই চার ছাত্রী একসঙ্গে প্রাইভেট পড়ার উদ্দেশে বাড়ি থেকে বের হয়। তবে সময় পার হলেও তারা আর বাড়ি ফেরেনি। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না পেয়ে আতঙ্কিত পরিবার থানায় জিডি করেন। তথ্যপ্রযুক্তির সহায়তায় মাঠে নামে পুলিশ। নিখোঁজ ছাত্রীদের অবস্থান শনাক্তের পর সিলেট জেলা পুলিশের সহযোগিতায় বুধবার দক্ষিণ সুরমা থেকে তাদের উদ্ধার করা হয়। ওসি বুলবুল ইসলাম বলেন, তারা কেন এবং কীভাবে সিলেটে গিয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।








