ইমেইল ক্লায়েন্ট নোশন মেইল বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে জনপ্রিয় প্রোডাক্টিভিটি সফটওয়্যার নির্মাতা নোশন। আগামী ২২ সেপ্টেম্বর থেকে ওয়েব, ডেস্কটপ ও মোবাইল সব প্ল্যাটফর্মে সেবাটি বন্ধ হয়ে যাবে।

এ উপলক্ষে প্রশ্নোত্তর আকারে ব্যবহারকারীদের জন্য কিছু তথ্য প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। সেখানে জানানো হয়েছে, ব্যবহারকারীদের অধিকাংশ ইমেইল তাদের জিমেইল অ্যাকাউন্টে সংরক্ষিত থাকবে। তবে ড্রাফট, নির্ধারিত ইমেইল, স্নিপেট এবং অটো-লেবেল নির্দেশনাগুলো ব্যবহারকারীদের নিজ উদ্যোগে অন্যত্র সংরক্ষণ করতে হবে।

এআই এজেন্টে জোর দিচ্ছে নোশন
তবে ইমেইল সেবা পুরোপুরি ছেড়ে দিচ্ছে না নোশন। বরং প্রতিষ্ঠানটি জানায়, ভবিষ্যতে ইনবক্স ব্যবস্থাপনায় এআই এজেন্ট ব্যবহারে আরও বেশি গুরুত্ব দেওয়া হবে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে নোশন জানায়, তাদের এআই এজেন্টের সক্ষমতা বাড়ার সঙ্গে সঙ্গে অনেক ব্যবহারকারী ইনবক্স না খুলেই ইমেইল-সংক্রান্ত কাজ সম্পন্ন করছেন।

প্রতিষ্ঠানটির দাবি, বর্তমানে নোশন মেইল ব্যবহারকারীদের অর্ধেকেরও বেশি এআই এজেন্টের মাধ্যমে ইমেইল পরিচালনা করেন। তাই প্রচলিত ইমেইল ক্লায়েন্টের পরিবর্তে এআইনির্ভর ইনবক্স ব্যবস্থাপনায় বিনিয়োগ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে তারা।

২০২৪ সালে যাত্রা শুরু
প্রোডাক্টিভিটি টুলের জন্য পরিচিত নোশন ২০২৪ সালে স্কিফ স্টার্টআপ অধিগ্রহণের পর নোশন মেইল চালু করেছিল। তবে মাত্র কয়েক বছরের ব্যবধানে প্রতিষ্ঠানটি সেই সেবা বন্ধ করে এআইভিত্তিক নতুন কৌশলে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

সূত্র: এনগ্যাজেট

শাহজালাল/আরএমডি