নেত্রকোণায় আকাশ (২৮) নামে এক তরুণের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে পৌর শহরের কুড়পাড় পুলিশ লাইনস-সংলগ্ন এলাকার একটি বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
আকাশ আটপাড়া উপজেলার স্বরমুশিয়া ইউনিয়নের দেশীউড়া গ্রামের মৃত সোহরাব মিয়ার ছেলে। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে বিক্রয়কর্মী হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চাকরির সুবাদে আকাশ চাচাতো ভাই মাহবুবুল আলমের বাসার একটি পৃথক কক্ষে একাই থাকতেন। বুধবার মাহবুবুল আলমের শাশুড়ি মারা গেলে তিনি সপরিবারে সিলেটে যান। এর আগে মঙ্গলবার রাতে স্বজনদের সঙ্গে আকাশের সর্বশেষ মোবাইলে কথা হয়।
বুধবার থেকে স্বজনরা একাধিকবার তার মোবাইলে যোগাযোগের চেষ্টা করলেও সাড়া পাননি। বৃহস্পতিবার সকাল থেকে ফোন বন্ধ থাকায় তারা উদ্বিগ্ন হয়ে খোঁজ নিতে শুরু করেন। একপর্যায়ে স্থানীয় ও প্রতিবেশীরা বাসার দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। দীর্ঘ সময় ডাকাডাকির পরও সাড়া না মেলায় দরজা ভেঙে ঘরে প্রবেশ করলে আকাশকে গলায় বৈদ্যুতিক তার পেঁচানো রক্তাক্ত অবস্থায় মৃত পড়ে থাকতে দেখেন। থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নেত্রকোণা মডেল থানার ওসি আবুল খায়ের বলেন, প্রাথমিক সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে কাজ চলছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হবে।








