রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) পদোন্নতিবঞ্চিত কর্মকর্তাদের লাগাতার অবস্থান কর্মসূচির স্থান থেকে বৈদ্যুতিক ফ্যান খুলে নেওয়ার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে। মঙ্গলবার (৭ জুলাই) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ২য় তলায় এমন দৃশ্য দেখা যায়।আন্দোলনকারীরা জানান, পদোন্নতির দাবিতে গত ২৯ জুন থেকে তারা প্রশাসনিক ভবনের ২য় তলায় অবস্থান কর্মসূচি পালন করছেন। ৯ দিন ধরে চলা এই কর্মসূচিতে তীব্র গরমের কারণে রোববার (৫ জুলাই) তারা সেখানে একটি বৈদ্যুতিক সিলিং ফ্যান স্থাপন করেন। কিন্তু ফ্যানটি লাগানোর কিছুক্ষণ পরেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেটি খুলে নেয় বলে অভিযোগ করেন তারা।মঙ্গলবার (৭ জুলাই) সরেজমিনে দেখা যায়, প্রচণ্ড গরমের মধ্যে ফ্যান ছাড়াই অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন কর্মকর্তারা। গরম থেকে কিছুটা স্বস্তি পেতে তাদের অনেককে হাতপাখা ব্যবহার করতে দেখা গেছে।আন্দোলনে অংশ নেওয়া বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শাখার সহকারী প্রোগ্রামার মঞ্জুরুল ইসলাম ও কর্মকর্তা আনোয়ার হোসেন অভিযোগ করেন, পদোন্নতির জন্য তারা বারবার লিখিত আবেদন করলেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শুধু আশ্বাস দিয়ে গেছে, কিন্তু তা বাস্তবায়ন করেনি। একাধিকবার পদোন্নতি বোর্ডের তারিখ নির্ধারণ করা হলেও শেষ পর্যন্ত তা অনুষ্ঠিত হয়নি। এতে তারা দীর্ঘদিনের বঞ্চনা ও হয়রানির শিকার হচ্ছেন।এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান বলেন, ‘সরকারের পক্ষ থেকে জ্বালানি সাশ্রয়ের নির্দেশনা রয়েছে। এ ছাড়া আন্দোলনকারীরা ফ্যান স্থাপনের জন্য কোনো অনুমতি নেননি। অনুমতি ছাড়া তারা কীভাবে ফ্যান স্থাপন করবেন?’ কর্মকর্তাদের পদোন্নতির বিষয়ে তিনি আরও জানান, মন্ত্রণালয়ের পক্ষ থেকে নিষেধাজ্ঞা থাকায় বর্তমানে পদোন্নতি দেওয়া সম্ভব হচ্ছে না।/
রাজনীতি
বেরোবিতে কর্মকর্তাদের আন্দোলনে ফ্যান খুলে নেওয়ার অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে

শেয়ার করুন







