বরগুনার বামনা উপজেলার দক্ষিণ আমতলী গ্রামে ভাগ্নেকে সাঁতার শিখাতে গিয়ে পুকুরে ডুবে মামা ও ভাগ্নের মৃত্যু হয়েছে। শনিবার (২৭ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
মৃতরা হলেন- বামনার দক্ষিণ আমতলী গ্রামের মোস্তাফিজুর রহমানের ছেলে ওবায়দুল (৯) এবং তার মামা হাফেজ তালিমুল ইসলাম (৩১)। মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, ভাগ্নে ওবায়দুলকে সাঁতার শেখানোর জন্য বাড়ির পাশের পুকুরে নিয়ে যান তালিমুল ইসলাম। এরপর তাদের দীর্ঘক্ষণ দেখতে না পেয়ে এবং পুকুরঘাটে জামাকাপড় পড়ে থাকতে দেখে স্বজনরা পুকুরে নেমে খোঁজাখুঁজি শুরু করেন এবং অচেতন অবস্থায় দুজনকে উদ্ধার করে বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মো. তুহিন হাওলাদার পরীক্ষা-নিরীক্ষা শেষে উভয়কেই মৃত ঘোষণা করেন।
তুহিন হাওলাদার জানান, হাসপাতালে পৌঁছানোর পূর্বে পানিতে শ্বাসরোধ হয়ে তাদের মৃত্যু হয়েছে।
বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন খান জানান, নিহতদের স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।








