ফরিদপুরের ভাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে সুমন শেখ (২২) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়ার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

মামলার এজাহারে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব সজীব মাতুব্বরকে এক নম্বর আসামি করা হয়। মামলায় মোট ১১ জনের নামোল্লেখসহ আরও ৩৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

নিহত সুমন শেখের বাবা মিলন শেখ বাদী হয়ে বৃহস্পতিবার (২ জুলাই) এ মামলা করেন। সজীব মাতুব্বর ভাঙ্গা পৌরসভার পূর্ব হাশামদিয়া মহল্লার বাসিন্দা।

এর আগে গত মঙ্গলবার (৩০ জুন) রাতে ভাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় পূর্বশক্রতার জের ও আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে কাপুড়িয়া সদরদী গ্রামের মিলন শেখের ছেলে সুমন শেখ গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এ ঘটনায় স্থানীয় স্বেচ্ছাসেবক দলের নেতা সজীবের নাম আসে। সুমন শেখ পেশায় ফাস্টফুট ব্যবসায়ী ছিলেন।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষে সুমন শেখ নামের এক যুবক নিহত হয়। এ ঘটনায় বৃহস্পতিবার ভাঙ্গা থানায় একটি হত্যা মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

জানতে চাইলে ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) আসনের সংসদ সদস্য ও কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল বলেন, সুমন হত্যার ঘটনায় মামলা হয়েছে। এ বিষয়ে কোনো তদবির বা রাজনৈতিক হস্তক্ষেপ চলবে না। বিচারে দোষীদের শাস্তি পেতে হবে।

ভাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব সজীব মাতুব্বরের বিষয়েও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

এন কে বি নয়ন/এমকেআর