কমনওয়েলথ শীর্ষ সম্মেলনে সরকারপ্রধানদের বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। এ জন্য তাঁকে সফরের সময় পূর্ণ মন্ত্রীর মর্যাদা ও ক্ষমতা দিয়ে ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে।
আজ রোববার মন্ত্রিপরিষদ বিভাগের সরকার গঠন ও প্রটোকল শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি তাতে স্বাক্ষর করেছেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, কার্যবিধিমালা ১৯৯৬-এর ৪(৩) বিধি অনুযায়ী হুমায়ুন কবিরকে মন্ত্রীর পূর্ণ ক্ষমতা দেওয়া হলো। কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়া এবং এ সময়ে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালনের জন্যই এই ব্যবস্থা।
প্রসঙ্গত, আগামী ১ থেকে ৪ নভেম্বর এন্টিগুয়া অ্যান্ড বারবুডার রাজধানী সেন্ট জোনসে চলতি বছরের কমনওয়েলথ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান ও পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান দুজনেই না যাওয়ায় কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
প্রসঙ্গত, সাম্প্রতিক অতীতে সরকারপ্রধানের পরিবর্তে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বা পররাষ্ট্র উপদেষ্টার বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়ার নজির আছে। ২০২৪ সালের ২১ থেকে ২৬ অক্টোবার সামোয়ার আপিয়ায় কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। ওই সময় পররাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের জানান, প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস কমনওয়েলথের বৈঠকে যাবেন না। তিনি বাংলাদেশের নেতৃত্ব দেবেন।
এর আগে আওয়ামী লীগ আমলে ২০২২ সালে রুয়ান্ডার কিগালিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবর্তে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন।
কেন প্রতিমন্ত্রী
কূটনৈতিক সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমান আজ রোববার মধ্যরাতের পর চার দিনের সফরে জাপানের উদ্দেশে রওনা হচ্ছেন। ২৬ থেকে ২৯ অক্টোবর তাঁর এই সফরে তিনি জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। জাপান সফর শেষ করে দেশে ফেরার কয়েক দিনের মধ্যেই কমনওয়েলথ বৈঠক শুরু হবে। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে প্রধানমন্ত্রী তুরস্কে জলবায়ু শীর্ষ সম্মেলনে অংশ নেবেন। অন্যদিকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এখন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্বে আছেন। ফলে তিনিও কমনওয়েলথ বৈঠকে যেতে পারছেন না। এ অবস্থায় প্রতিনিধিদলের নেতৃত্ব দিতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরকে বেছে নেওয়া হয়েছে।








