ঝালকাঠির সদর উপজেলার কীর্তিপাশা ইউনিয়নের ভীমরুলী ভাসমান পেয়ারা বাজারে ঘুরতে এসে খালে লাফ দিয়ে সানি হাওলাদার (১৩) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে।
শনিবার (১৮ জুলাই) দুপুর সোয়া ২টার দিকে এ ঘটনা ঘটে। সানি জেলার রাজাপুর উপজেলার চর হাইলাকাঠি গ্রামের সোহেল হোসেনের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, শনিবার বেলা ১১টার দিকে রাজাপুর থেকে ১৫ জন ট্রলারযোগে ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে ঘুরতে আসে। ঘোরাঘুরি শেষে দুপুরে তারা খালে গোসলে নামে। একপর্যায়ে সানি খালের পাড়ে থাকা একটি আমগাছ থেকে ঝাঁপ দিয়ে পানিতে তলিয়ে যায়। সঙ্গে থাকা লোকজন খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেছে।
ঝালকাঠি সদর থানার ওসি মাহামুদ হোসেন বলেন, “নিখোঁজ কিশোরকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালাচ্ছে।”








