সংসদ, বিচার ও আইন বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান বলেছেন, বিচার বিভাগে এখনো অনেক সমস্যা আছে। আপনাদের কাছে সংকট একরকম, আমার কাছে আরেক রকম। অনেকেই বলবেন দুর্নীতিতে ছেয়ে গেছে, টাউট-বাটপারে ভরে গেছে, অনেকেই বলবেন স্ট্রাকচার নাই, আর আমার কাছে বিচার বিভাগের সবচেয়ে বড় সংকট মানবিক মূল্যবোধ সম্পন্ন বিচারকের।
শুক্রবার (৭ আগস্ট) বেলা ১১টায় ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদ মিলনায়তনে প্রয়াত শিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে নাগরিক শোক ও স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী আরও বলেন, আমি যদি বিচারকের পেশা বেছে নিই, তবে আমাকে ধরে নিতে হবে আর ১০টা চাকরির মতো এই চাকরি করতে আসিনি। এখানে আমি এসেছি ঐশ্বরিক ন্যায়বিচার দেওয়ার জন্য। বিধাতা প্রদত্ত সার্বভৌম ক্ষমতা প্রয়োগ করার জন্য। সেই ধারণা যেদিন বিচারকরা পোষণ করবেন সেই দিন নিরপেক্ষ ও ন্যায় বিচার ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে বলে আমি বিশ্বাস করি।
পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরা প্রসঙ্গে মন্ত্রী বলেন, উনি বলেছেন উনি ডিসেম্বরে দেশে আসবেন, আমিও বিশ্বাস করতে চাই উনি দেশে আসুন এবং কারাগারে যাবেন। আইনের পথ ধরে হাঁটুক, আইনের পথ ধরে হাঁটলে আমরা জানি অনেক ক্ষমতা মানুষের কিন্তু আইনের ক্ষমতা তার থেকেও দীর্ঘ। আইন তার দীর্ঘ ক্ষমতা প্রয়োগ করবে।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা গোলাম কুদ্দুসের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ঝিনাইদহের জেলা প্রশাসক মো. নোমান হোসেন, পুলিশ সুপার মিয়া মোহম্মদ আশিস বিন হাছান, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।








