নড়াইলে দীর্ঘ ১৭ বছর ধরে বিদ্যালয়ে অনুপস্থিত থেকে প্রায় অর্ধকোটি টাকা সরকারি বেতন-ভাতা তোলার অভিযোগ উঠেছে এক কম্পিউটার শিক্ষকের বিরুদ্ধে। বিদ্যালয়ে পাঠদান তো দূরের কথা, এক দিনের জন্যও তিনি সেখানে পা রাখেননি। অথচ নিয়মিত তার ব্যাংক হিসাবে ঢুকেছে সরকারি টাকা (এমপিও)। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে কালিয়া উপজেলার দত্ত মাধ্যমিক বিদ্যালয়ে।

অভিযুক্ত শিক্ষকের নাম পীযুষ কান্তি ঘোষ। তার দাবি, তিনি ২০০৯ সালেই চাকরি ছেড়ে দিয়েছেন। তার ব্যাংক হিসাবে কীভাবে টাকা ঢুকছে, তা তিনি জানেন না।

বিদ্যালয়টির প্রধান শিক্ষকদের কারসাজিতেই দীর্ঘদিন ধরে সরকারি টাকা আত্মসাৎ করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। তবে প্রধান শিক্ষকরা একে অপরের দিকে পাল্টাপাল্টি অভিযোগ করছেন।

এদিকে এ ধরনের অনিয়ম ও দুর্নীতি বন্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে শিক্ষার পরিবেশ ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন বিদ্যালয়টির অন্যান্য শিক্ষক ও এলাকাবাসী। প্রশাসন ও শিক্ষা দফতর দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।

বিদ্যালয়ের তথ্য বলছে, ২০০৬ সালে দত্ত মাধ্যমিক বিদ্যালয়ে কম্পিউটার শিক্ষকের শূন্য পদে পীযুষ কান্তি ঘোষ যোগদান করেন। তিন বছর চাকরি করেও এমপিওভুক্ত না হওয়ায় ২০০৯ সালে তিনি ঢাকায় গিয়ে অন্য পেশায় যুক্ত হন। বিদ্যালয়ে অনুপস্থিত থেকেও অদৃশ্য কোনো এক ক্ষমতাবলে এমপিওভুক্ত হন শিক্ষক পীযুষ। সেই থেকে একটিবারের জন্যও বিদ্যালয়ে আসেননি তিনি। অথচ দীর্ঘ ১৭ বছর ধরে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের বেতন-ভাতার সরকারি অংশ (এমপিও) হিসেবে প্রায় অর্ধকোটি টাকার সুবিধা ভোগ করেছেন তিনি। বর্তমানে তিনি একটি বেসরকারি ব্যাংকের শাখা ব্যবস্থাপক পদে কর্মরত আছেন।

জানা গেছে, বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক নীরঞ্জন কুমার বসু (১৯৮৪-২০১২), এরপর অনন্ত কুমার বিশ্বাস (২০১২-২০১৪), তুষার কান্তি ঘোষ (২০১৪-২০২২), গোলক চন্দ্র বিশ্বাস (২০২২-২০২৫) এবং সবশেষ তুষার কান্তি ঘোষ (২০২৫ সালের ডিসেম্বর থেকে অদ্যাবধি) দায়িত্ব পালন করেন। পীযুষ কান্তির বেতন উত্তোলনের ঘটনায় সংশ্লিষ্ট প্রধান শিক্ষকদের সম্পৃক্ততার অভিযোগ পাওয়া যায়। চলতি বছরের জুনেও শিক্ষক পীযুষ কান্তির ব্যাংক হিসাবে টাকা লেনদেন হয়েছে।

এ বিষয়ে বিদ্যালয়টির অবসরপ্রাপ্ত দুই প্রধান শিক্ষক নীরঞ্জন কুমার বসু এবং অনন্ত কুমার বিশ্বাসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের বক্তব্য পাওয়া যায়নি। তবে আড়াই বছর দায়িত্বে থাকা বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক (বর্তমানে সহকারী প্রধান শিক্ষক) এবং বর্তমান প্রধান শিক্ষক একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ করেন।

সহকারী প্রধান শিক্ষক গোলক চন্দ্র বিশ্বাস বলেন, আড়াই বছর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পদে দায়িত্ব পালন করেছি। তখন কম্পিউটার শিক্ষক পীযুষের বেতন বন্ধ রাখি। প্রধান শিক্ষক পুনর্বহাল হয়ে আবারও তার বেতন চালু করেন।

আরও পড়ুন

ভূতুড়ে কলেজে দেড় কোটি টাকার বরাদ্দ

ব্যাংক স্টেটমেন্ট অনুযায়ী তার দায়িত্বকালীন সময়ে পীযুষের অ্যাকাউন্টে বেতন ঢুকেছে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি কোনো আবেদন করিনি, তবে কীভাবে ঢুকছে আমার জানা নেই।

বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক তুষার কান্তি ঘোষ অনুপস্থিত শিক্ষকের বেতন ব্যাংক অ্যাকাউন্টে জমা ও উত্তোলনের বিষয়টি স্বীকার করেন।

তিনি বলেন, বিভিন্ন সময়ে পীযুষকে নোটিশ করে সাময়িক বরখাস্ত করা হয়েছে। হাইকোর্টের এক রায় অনুযায়ী বরখাস্ত করলেও তার প্রাপ্য টাকা অ্যাকাউন্টে ঢুকেছে। আমাকে মিথ্যা অপবাদ দিয়ে চক্রান্ত করে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। সেই আড়াই বছরে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গোলক চন্দ্র বিশ্বাস পীযুষের বেতন চালু রেখেছিলেন। আমি যোগদান করে তার দেখানো পথে পীযুষের বেতন তিন মাস চালু রেখেছিলাম, পরে আবার বন্ধ করে দিই।

তিনি আরও দাবি করেন, শিক্ষকদের বেতন চালুর বিষয়ে কমিটির সিদ্ধান্তের বাইরে প্রধান শিক্ষকের সিদ্ধান্ত নেওয়ার সুযোগ থাকে না। তৎকালীন কমিটির সিদ্ধান্তে তিনি বেতন চালু রাখতে বাধ্য হন।

এসব অভিযোগের বিষয়ে পীযুষ কান্তি ঘোষ বলেন, ২০০৯ সালে স্কুলের চাকরি ছেড়ে এসেছি। বিদ্যালয়ে আর কখনো যাইনি। তবে এসব বেতন উত্তোলন ও এমপিওর বিষয়টি সম্প্রতি বিভিন্ন মারফতে জানতে পেরেছি। তবে এসব টাকার বিষয়ে আমার কিছু জানা নেই।

তিনি পাল্টা অভিযোগ করে বলেন, এত বছরে ব্যাংকে আমি কখনো যাইনি। কীভাবে আমার অ্যাকাউন্টে লেনদেন হচ্ছে, কখনো ব্যাংক থেকেও আমার সঙ্গে যোগাযোগ করা হয়নি। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত হওয়া উচিত।

এ বিষয়ে কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিন্নাতুল ইসলাম বলেন, একটি অভিযোগ পেয়েছি। দ্রুত যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো।

জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. জালাল উদ্দিন বলেন, দত্ত মাধ্যমিক বিদ্যালয়ে ২০০৯ সাল থেকে এখন পর্যন্ত অনুপস্থিত থেকেও শিক্ষক পীযুষ সরকারি বেতন-ভাতা গ্রহণ করছেন, যেটি গর্হিত অপরাধ। আর একজন শিক্ষকের একার পক্ষে এ কার্যক্রম চালানো সম্ভব নয়। আমি সম্প্রতি জেলা শিক্ষা কর্মকর্তা হিসেবে যোগদান করেছি। তদন্ত কমিটি গঠনের মাধ্যমে দ্রুত তদন্ত করে ঊর্ধ্বতন সব দপ্তরে বিষয়টি জানাবো। আশা করি, এই চক্রের সবার মুখোশ উন্মোচন করে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো।

নড়াইলের কালিয়া উপজেলার দত্ত মাধ্যমিক বিদ্যালয়ে বিদ্যালয়টিতে বর্তমানে ৪০১ জন শিক্ষার্থী অধ্যয়নরত। ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত হয়ে পরের বছর এমপিওভুক্ত হয়।

হাফিজুল নিলু/এনএইচআর/এএসএম