বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশনের (বিএসবিআরএ) দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ জুলাই) সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত নগরীর র্যা ডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ হোটেলে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে বেলা ২টার দিকে নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান মো. আফতাব উদ্দিন ফলাফল ঘোষণা করেন।
নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন চৌধুরী।
সিনিয়র সহসভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ সেলিম উদ্দিন। সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন মো. নুরুদ্দিন রুবেল ও গাজী মোকাররম আলী চৌধুরী।
নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মো. জাহেদুল হক, মো. তসলিম উদ্দিন, এসএম নুরুন নবী, মো. ফেরদৌস ওয়াহিদ, ওবায়দা আসাদি, হোসাইনুল আরেফিন এবং একেএম সাইফুল্লা সাঈদ।
মোট ৮৪ জন ভোটারের মধ্যে ৭১ জন ভোটাধিকার প্রয়োগ করেন। সমিতির ১১টি পদের বিপরীতে ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে সভাপতি পদে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় ওই পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন সম্পন্ন হয়।
এই নির্বাচনটি অনুষ্ঠিত হওয়ার মধ্য দিয়ে সাবেক সভাপতি আমজাদ হোসেন চৌধুরীর প্রার্থিতা নিয়ে দীর্ঘদিনের আইনি জটিলতার অবসান ঘটেছে। বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর (সিআইবি) প্রতিবেদনের ভিত্তিতে নির্বাচন পরিচালনা বোর্ড তাঁকে ঋণখেলাপি ঘোষণা করে মনোনয়নপত্র বাতিল করেছিল।
যদিও হাইকোর্ট প্রথমে তাঁর প্রার্থিতা বৈধ ঘোষণা করেছিলেন, পরে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সেই আদেশ স্থগিত করেন। পরবর্তী সময়ে আপিল বিভাগ আমজাদের প্রার্থিতা অবৈধ ঘোষণা করে নির্বাচন কার্যক্রম পুনরায় শুরুর নির্দেশ দেন।
নির্বাচন স্থগিতের দাবিতে আমজাদের করা সম্পূরক রিট আবেদনও ২ জুলাই হাইকোর্ট খারিজ করে দেন। এর ফলে শনিবারের নির্বাচন অনুষ্ঠানে শেষ আইনি বাধাও দূর হয়।








