বিশ্বকাপের মঞ্চে দুর্দান্ত এক কীর্তি গড়েছেন ফ্রান্সের তারকা উসমান দেম্বেলে। নরওয়ের বিপক্ষে মাত্র ৩২ মিনিটে হ্যাটট্রিক করে গত সাত দশকের মধ্যে বিশ্বকাপের দ্রুততম হ্যাটট্রিকের নজির স্থাপন করেছেন তিনি।ম্যাচের ৭, ২০ ও ৩২ মিনিটে তিনটি গোল করেন দেম্বেলে। প্রথম দুটি গোল আসে কিলিয়ান এমবাপ্পের নিখুঁত পাস থেকে, আর তৃতীয় গোলটি করেন অরেলিয়েঁ চুয়ামেনির দেওয়া বল কাজে লাগিয়ে।বিশ্বকাপ ইতিহাসে এটি দ্বিতীয় দ্রুততম হ্যাটট্রিক। দ্রুততম হ্যাটট্রিকের রেকর্ড এখনও অস্ট্রিয়ার এরিক প্রবস্টের দখলে। তিনি ১৯৫৪ সালের বিশ্বকাপে তৎকালীন চেকোস্লোভাকিয়ার বিপক্ষে মাত্র ২৪ মিনিটে তিন গোল করেছিলেন। এরপর আর কোনো ফুটবলার এত অল্প সময়ে বিশ্বকাপে হ্যাটট্রিক করতে পারেননি। সেই হিসেবে গত সাত দশকের মধ্যে দেম্বেলের ৩২ মিনিটের হ্যাটট্রিকই সবচেয়ে দ্রুততম।দেম্বেলের এই কীর্তির পর বিশ্বকাপের দ্রুততম হ্যাটট্রিকের তালিকায় এক ধাপ নিচে নেমে গেছে ইংল্যান্ডের গ্যারি লিনেকারের রেকর্ড। তিনি ১৯৮৬ সালের বিশ্বকাপে পোল্যান্ডের বিপক্ষে ৩৫ মিনিটে হ্যাটট্রিক করেছিলেন। আর ১৯৭০ সালের বিশ্বকাপে বুলগেরিয়ার বিপক্ষে জার্মান কিংবদন্তি গার্ড মুলার ৩৮ মিনিটে হ্যাটট্রিক করে রয়েছেন তালিকার চতুর্থ স্থানে।এই হ্যাটট্রিকের মাধ্যমে বিশ্বকাপে ফ্রান্সের হয়ে তৃতীয় ফুটবলার হিসেবে তিন গোলের কীর্তি গড়লেন দেম্বেলে। এর আগে ১৯৫৮ সালের বিশ্বকাপে প্যারাগুয়ে ও পশ্চিম জার্মানির বিপক্ষে দুটি হ্যাটট্রিক করেছিলেন জুস্ত ফঁতেন। এছাড়া ২০২২ বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন কিলিয়ান এমবাপ্পে।
চলতি বিশ্বকাপে আর্জেন্টিনার লিওনেল মেসি ও কানাডার জোনাথন ডেভিডের পর তৃতীয় ফুটবলার হিসেবে হ্যাটট্রিকের দেখা পেলেন দেম্বেলে। তাঁর দুর্দান্ত পারফরম্যান্সে নরওয়ের বিপক্ষে বড় জয় তুলে নেওয়ার পথে এগিয়ে যায় ফ্রান্স।








