গোলের পর গোল করে যেমন ইতিহাস লিখছেন, তেমনি সতীর্থদের দিয়ে গোল করিয়েও একের পর এক রেকর্ড নিজের নামে করে নিচ্ছেন লিওনেল মেসি। ২০২৬ বিশ্বকাপের সেমিফাইনালে আরও দুটি অ্যাসিস্ট করার মধ্য দিয়ে বিশ্বকাপের ইতিহাসে এমন এক কীর্তি গড়েছেন মেসি, যা ১৯৬৬ সালের পর আর কোনো ফুটবলার স্পর্শ করতে পারেননি।

ইংল্যান্ডের বিপক্ষে ২০২৬ বিশ্বকাপের সেমিফাইনালে দুটি অ্যাসিস্ট করেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। এর ফলে ফিফা বিশ্বকাপের ইতিহাসে তার মোট অ্যাসিস্টের সংখ্যা দাঁড়িয়েছে ১২টি।

সবচেয়ে অবাক করা বিষয় হলো, এই ১২টি অ্যাসিস্টের মধ্যে ১০টিই এসেছে নকআউট পর্বে। অর্থাৎ, বিশ্বকাপের সবচেয়ে কঠিন ও গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতেই সতীর্থদের দিয়ে গোল করানোর ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রভাব রেখেছেন আর্জেন্টাইন মহাতারকা।

১৯৬৬ সাল থেকে বিশ্বকাপের পরিসংখ্যান সংরক্ষণের ইতিহাসে কোনো ফুটবলারের মোট অ্যাসিস্টই ৮টির বেশি নয়। সেখানে মেসি ১২ অ্যাসিস্ট নিয়ে একাই অন্য সবার নাগালের বাইরে চলে গেছেন।

বিশ্বকাপে গোল, অ্যাসিস্ট, ম্যাচ জেতানো পারফরম্যান্স- সব মিলিয়ে মেসি আরও একবার প্রমাণ করলেন, ফুটবল ইতিহাসের অন্যতম সেরা প্লে-মেকার হিসেবেও তার অবস্থান অনন্য। ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনাকে আরেকটি শিরোপার দ্বারপ্রান্তে পৌঁছে দেওয়ার পথে তার অবদান তাই পরিসংখ্যানেও স্পষ্ট হয়ে উঠছে।

আরআর/আইএইচএস/