গাইবান্ধার বালাসী ঘাট থেকে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার খোলাবাড়ী পর্যন্ত ব্রহ্মপুত্র নদে সড়ক ও রেলসেতু অথবা টানেল নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। এই সেতুর মাধ্যমে বাহাদুরাবাদ-জামালপুর রুটে সরাসরি যোগাযোগ নিশ্চিত করে রংপুর বিভাগের আট জেলার অর্থনৈতিক বৈষম্য দূর করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।শনিবার (২৭ জুন) বেলা ১১টায় গাইবান্ধা শহরের গানাসাস মার্কেটের সামনে ‘ব্রহ্মপুত্র নদে বালাসী থেকে খোলাবাড়ী পর্যন্ত সড়ক ও রেলসেতু বাস্তবায়ন কেন্দ্রীয় কমিটি’র উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।মানববন্ধনে বক্তারা বলেন, ব্রহ্মপুত্র নদে সড়ক ও রেলসেতু নির্মিত হলে গাইবান্ধা জেলা প্রান্তিক শহরের স্থবিরতা থেকে মুক্তি পাবে। এর ফলে হিলি, সোনাহাট ও চিলাহাটি স্থলবন্দরের আমদানি-রপ্তানি পণ্য দ্রুততম সময়ে ঢাকা, সিলেট ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে পরিবহন করা সম্ভব হবে, যা পণ্য পরিবহন খরচ উল্লেখযোগ্য হারে কমিয়ে আনবে।কমিটির সভাপতি অ্যাডভোকেট আশরাফ আলীর সভাপতিত্বে কর্মসূচিতে বক্তারা আরও বলেন, নদী শাসনের মাধ্যমে প্রস্তাবিত এই সেতুর দৈর্ঘ্য হবে মাত্র সাড়ে চার কিলোমিটার। দেশের অন্যান্য বড় নদীতে সেতু বা টানেল হলেও ব্রহ্মপুত্র নদ এখনো অবহেলিত। যথাযথ নদী শাসনের মাধ্যমে এই অববাহিকার সুন্দরগঞ্জ, রাজিবপুর, ফুলছড়ি ও চিলমারীর চরাঞ্চলগুলোতে শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার সুযোগ রয়েছে, যা উত্তরাঞ্চলে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করবে।কমিটির সাধারণ সম্পাদক জে. এইচ. মুজকুরী অনুর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন আনোয়ারুল ইসলাম লেবু, অ্যাডভোকেট মোস্তফা মনিরুজ্জামান, আজিজার রহমান, আব্দুল হালিম, অ্যাডভোকেট রেজাউল করিম রেজা প্রমুখ। বক্তারা অনতিবিলম্বে এই সেতু বা টানেল নির্মাণের জন্য সরকারের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
রাজনীতি
ব্রহ্মপুত্রে বালাসী-খোলাবাড়ী সেতুর দাবিতে মানববন্ধন

শেয়ার করুন







