বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে মঙ্গলবার আটলান্টায় মিশরের মুখোমুখি হবে আর্জেন্টিনা। ম্যাচের আগে দলের শেষ অনুশীলনের পূর্বে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন লিয়ান্দ্রো পারেদেস ও নাহুয়েল মলিনা। দুজনই জানিয়েছেন, কেপ ভার্দের বিপক্ষে কঠিন ম্যাচ থেকে শিক্ষা নিয়ে এবার আরও সতর্ক হয়ে মাঠে নামবে আলবিসেলেস্তেরা।
পারেদেস বলেন, ‘কেপ ভার্দে আমাদের শিখিয়েছে যে বিশ্বকাপে কোনো ম্যাচই সহজ নয়। আমরা এটা আগেই জানতাম, আর মিশরও অবশ্যই খুব কঠিন প্রতিপক্ষ হবে।’
তিনি আরও বলেন, ‘আমরা সবসময় নিজেদের সেরা ফুটবল খেলতে চাই। কিন্তু সব ম্যাচে নিজের সেরাটা দেখানো সম্ভব হয় না। কখনো কখনো কষ্ট করে জিততে হয়, আর সেই জয়ও সমান গুরুত্বপূর্ণ।’
চলতি বিশ্বকাপে জার্মানি ও ব্রাজিলের মতো শক্তিশালী দলের বিদায় প্রসঙ্গে পারেদেসের মন্তব্য, ‘এই ফলাফলগুলো আমাকে অবাক করেনি। এখন সব দলই খুব প্রতিযোগিতামূলক। যে কেউ যে কাউকে হারাতে পারে। ব্রাজিলের বিদায় অবশ্যই কষ্টের, তবে বিশ্বকাপে কোনো সহজ ম্যাচ নেই।’
কেপ ভার্দের বিপক্ষে বদলি হিসেবে নেমে ভালো খেলায় মিসরের বিপক্ষে পারেদেসের শুরুর একাদশে থাকার সম্ভাবনা রয়েছে। এ নিয়ে তিনি বলেন, ‘আমি সবসময় নিজেকে শুরুর একাদশে দেখতে চাই। প্রতিদিনের অনুশীলনে সেজন্যই সর্বোচ্চ চেষ্টা করি। তবে শেষ সিদ্ধান্ত কোচের।’
অন্যদিকে ডিফেন্ডার নাহুয়েল মলিনা মনে করেন, কেপ ভার্দের বিপক্ষে রক্ষণভাগে কিছু ভুল ছিল, যা দ্রুত শুধরে নিতে হবে। তার ভাষায়, ‘ম্যাচ বিশ্লেষণ করে দেখেছি, রক্ষণে আমাদের আরও সংগঠিত হতে হবে। বল পায়ে আমাদের দারুণ খেলোয়াড় আছে, কিন্তু ডিফেন্সে আরও শৃঙ্খলাবদ্ধ হওয়া জরুরি। দুটি গোলই আমরা আরও ভালোভাবে সামাল দিতে পারতাম।’
মিশরকে নিয়ে মলিনা বলেন, ‘তাদের আক্রমণভাগে বেশ কয়েকজন ভালো খেলোয়াড় আছে। তাই আমাদের রক্ষণে সংগঠিত থাকতে হবে এবং নিজেদের খেলাটাই খেলতে হবে।’
সমর্থকদের প্রত্যাশা নিয়ে তিনি যোগ করেন, ‘মাঠে আমরা নিজেদের গতিতেই খেলতে চাই। গ্যালারির আবেগে ভেসে গেলে চলবে না। গুরুত্বপূর্ণ মুহূর্তে শান্ত থাকাটাই সবচেয়ে জরুরি।’
শেষ ষোলোর এই ম্যাচে জয় পেলে আর্জেন্টিনা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠবে। সেখানে তাদের প্রতিপক্ষ হবে কলম্বিয়া ও সুইজারল্যান্ড ম্যাচের বিজয়ী।
আরআর/আইএন








