কক্সবাজারের চকরিয়ায় ছোট ভাইয়ের দায়ের কোপে বড় ভাই খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (৩ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার খুটাখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নুরুল ইসলাম (৫২) ওই এলাকার মৃত আলী হোসেনের ছেলে। তবে, তিনি পরিবার থেকে আলাদা হয়ে একই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের হরিখোলা এলাকায় বসবাস করতেন। অভিযুক্ত আব্দুর রহিম (৪২) তার ছোট ভাই। ঘটনার পর থেকে তিনি পলাতক।
স্থানীয় ইউপি সদস্য নাছির উদ্দিন জানান, শুক্রবার সকালে আব্দুর রহিম পৈত্রিক বসতভিটার গাছ বিক্রির উদ্দেশে কাটতে শুরু করেন। বিষয়টি জানতে পেরে বড় ভাই নুরুল ইসলাম সেখানে গিয়ে গাছ কাটতে বাধা দেন। এ সময় দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে আব্দুর রহিম হাতে থাকা ধারালো দা দিয়ে নুরুল ইসলামের পা ও ঘাড়ে কোপ দেন। নুরুল ইসলাম মাটিতে লুটিয়ে পড়লে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চকরিয়া থানার ওসি মনির হোসেন বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”








