প্রখ্যাত চক্ষু চিকিৎসক ও বাংলাদেশ জাতীয় অন্ধকল্যাণ সমিতি (বিএনএসবি) চট্টগ্রাম, চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্র এবং ইম্পেরিয়াল হাসপাতাল লিমিটেডের প্রতিষ্ঠাতা অধ্যাপক ডা. রবিউল হোসেন আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
পরিবার ও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, শনিবার বাদ এশা চট্টগ্রামের জামিয়াতুল ফালাহ মসজিদে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। আগামীকাল রোববার সকাল ৯টায় চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্রে দ্বিতীয় জানাজা এবং একই দিন বাদ জোহর তাঁর গ্রামের বাড়ি চট্টগ্রামের মীরসরাই উপজেলার কাটাছড়ায় তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে। পরে সেখানেই তাঁকে দাফন করা হবে।
রবিউল হোসেনের মৃত্যুতে চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্র (সিইআইটিসি) পরিবারের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে।








