পঞ্চগড় থেকে ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে অজ্ঞাত ব্যক্তির ছোড়া পাথরে ডান চোখে গুরুতর আঘাত পেয়েছেন এক যুবক। চিকিৎসার জন্য তাকে ঢাকার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে পাঠানো হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে ঘটনাটি ঘটে।
আহত যাত্রীর নাম সাব্বির হোসেন (২২)। তিনি জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার কেশবপুর গ্রামের দুলাল হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি উল্লাপাড়া ও জামতৈল রেলস্টেশনের মধ্যবর্তী এলাকায় পৌঁছালে অজ্ঞাত ব্যক্তি ট্রেন লক্ষ্য করে পাথর নিক্ষেপ করেন। তার ছোড়া পাথর সাব্বির হোসেনের ডান চোখে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। ঘটনার পর ট্রেনটি জামতৈল রেলওয়ে স্টেশনে পৌঁছালে আহত যাত্রীকে নামিয়ে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়। প্রথমে তাকে কামারখন্দ উপজেলা হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য সন্ধ্যায় ঢাকার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসক।
জামতৈল রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার রাকিবুর রহমান বলেন, “দ্রুতযান এক্সপ্রেসে পাথর নিক্ষেপের ঘটনায় এক যাত্রী আহত হন। তাকে জামতৈল স্টেশনে নামিয়ে হাসপাতালে পাঠানো হয়েছে।” তবে, ঘটনার বিস্তারিত সম্পর্কে তিনি অবগত নন।
সিরাজগঞ্জ বাজার রেলওয়ে স্টেশন থানার অফিসার ইনচার্জ (ওসি) খাইরুল ইসলাম তালুকদার বলেন, “আহত যাত্রীকে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে জড়িতদের শনাক্তে কাজ চলছে।”








