চাঁদপুর শহরের পুরান বাজারে যৌথ অভিযানে গোডাউন থেকে ১৫ লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও ১০০ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়েছে। বুধবার এই তথ্য নিশ্চিত করেন সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক। জানা গেছে, মঙ্গলবার বিকাল থেকে রাত পর্যন্ত শহরের পুরান বাজারে সদর উপজেলা প্রশাসন, কোস্টগার্ড ও উপজেলা মৎস্য অফিস যৌথ অভিযান পরিচালনা করে। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বাপ্পি দত্ত রনি।
তিনি গোডাউনের দায়িত্বে থাকা একজনকে ৩ হাজার টাকা জরিমানা করেন। সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক বলেন, জব্দ করা জালের আনুমানিক বাজার মূল্য ৫ কোটি টাকা। পরে জব্দকৃত জাল রাতে কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে এনে আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়।








