চাঁদপুরের হাজীগঞ্জে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে সেলিম মজুমদার (৫৫) নামে এক কেয়ারটেকারকে আটক করেছে পুলিশ।

গতকাল বুধবার দুপুরে হাজীগঞ্জ পৌর এলাকায় এ ঘটনা ঘটে। আটক সেলিম মজুমদার উপজেলার প্রতাপপুর গ্রামের মৃত তরিক উল্লার ছেলে।  

ভুক্তভোগী শিশু বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। এ ঘটনায় শিশুর মা বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, পৌর এলাকার এক প্রবাসী ব্যক্তির নির্মাণাধীন ৬ তলা ভবনে কেয়ারটেকার হিসেবে কর্মরত ছিলেন সেলিম মজুমদার। দীর্ঘদিনের পরিচয়ের সুবাদে শিশুটি তাঁকে ‘দাদা’ বলে ডাকত। তিনি প্রায়ই শিশুটিকে চকলেট ও খাবারের প্রলোভন দেখাতেন।

গতকাল শিশুটিকে ঘরে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে নির্মাণাধীন ভবনের নিচতলার সিঁড়ির কক্ষ থেকে শিশুটিকে কাঁদতে কাঁদতে বের হতে দেখেন তার মা। কান্নার কারণ জানতে চাইলে শিশুটি ঘটনাটি মাকে জানায়। পরে শিশুটির শরীরে নির্যাতনের আলামত দেখতে পান স্বজনেরা। এরপর শিশুটিকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মান্নান জানান, অভিযোগ পাওয়ার পরপরই অভিযুক্ত সেলিম মজুমদারকে আটক করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।