বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কের ৫৫তম জন্মদিন উপলক্ষে চাঁদপুরে দোয়া মাহফিল, খাবার বিতরণ ও কেক কাটার আয়োজন করা হয়েছে। রোববার (২৮ জুন) শ্যামলী খান ম্যাটারনিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেডের উদ্যোগে জেলাজুড়ে এসব ব্যতিক্রমী কর্মসূচি পালন করা হয়।সকালে চাঁদপুরের কচুয়া বাজারে অবস্থিত ওই ক্লিনিকে পবিত্র কোরআন তিলাওয়াত ও বিশেষ দোয়ার মাধ্যমে কর্মসূচি শুরু হয়। মোনাজাতে ইলন মাস্কের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনার পাশাপাশি বিশ্ব মানবতার কল্যাণ প্রার্থনা করা হয়। এরপর দুপুরে হাজীগঞ্জ বড় মসজিদ এলাকায় অসহায় শিশু ও মুসল্লিদের মাঝে খাবার বিতরণ করা হয়। বিকেলে হাজীগঞ্জের একটি রেস্তোরাঁয় কেক কেটে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।আয়োজক প্রতিষ্ঠানের চেয়ারম্যান শ্যামলী খান বলেন, ‘ইলন মাস্ক তার উদ্ভাবনী চিন্তা ও প্রযুক্তিগত অবদানের মাধ্যমে বিশ্বব্যাপী অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছেন। তাঁর মানবিক ও সামাজিক কর্মকাণ্ডের প্রতি সম্মান জানাতেই আমাদের এই ক্ষুদ্র আয়োজন। ভবিষ্যতে আমরা এ ধরনের সমাজকল্যাণমূলক কাজ অব্যাহত রাখতে চাই।’বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা ও মহাকাশ গবেষণা সংস্থা স্পেসএক্সের কর্ণধার ইলন মাস্কের জন্মদিন ঘিরে চাঁদপুরের এমন আয়োজন স্থানীয়ভাবে বেশ আগ্রহের সৃষ্টি করেছে।