চাঁদপুরের মতলব উত্তরে সাত বছর বয়সি শিশুকে ধর্ষণের মামলায় এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত।   বুধবার (২২ জুলাই) দুপুরে শিশু সহিংসতা দমন ট্রাইবুন্যালের বিচারক (জেলা ও দায়রা জজ) মো. রেজাউল করিম এই রায় দেন। দণ্ডপ্রাপ্ত মো. অরুণ ভু্ইঁয়া (৫০) উপজেলার গজরা ভূঁইয়া বাড়ির মৃত আব্দুল কাদির ভূঁইয়ার ছেলে। আরও পড়ুন

স্কুলছাত্রীকে ধর্ষণ-ভিডিও ফাঁসের মামলায় চাচাতো ভাইয়ের যাবজ্জীবন

মামলার বিবরণে জানা গেছে, ২০২১ সালের ৯ জুলাই বেলা ১১টার দিকে ওই শিশু তার আপন ভাইয়ের সঙ্গে বাড়ির পাশে জমিতে বীজ পাহারা দেওয়ার জন্য যায়। কিছু সময় অতিবাহিত হলে তাকে ওই জমির পাশে বসিয়ে রেখে খাবার খেতে যায় ভাই। এই সুযোগে সেখানে আসামি ওই শিশুকে জোরপূর্বক ধর্ষণ করে। শিশুটি রক্তাক্ত অবস্থায় তার দাদিকে ঘটনাটি জানায়। কারণ ওই দিন চিকিৎসার জন্য শিশুর বাবা-মা ঢাকায় ছিলেন। ঘটনাটি জানতে পেরে বাড়িতে এসে ১৪ জুলাই শিশুর পিতা মতলব উত্তর থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা তৎকালীন মতলব উত্তর থানার এসআই মো. মোবারক আলী আসামিকে গ্রেফতার করে ১৫ জুলাই আদালতে সোপর্দ করেন। পাশাপাশি তিনি মামলাটি তদন্ত শেষে একই বছর ২০ অক্টোবর আদালতে চার্জশিট দাখিল করেন।

সরকার পক্ষের আইনজীবী স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট শিরিন সুলতানা মুক্তা বলেন, আদালতে মামলাটি চলমান অবস্থায় ছয়জনের সাক্ষ্য গ্রহণ করে। মামলার সাক্ষ্য গ্রহণ, আসামি তার অপরাধ স্বীকার করা ও নথিপত্র পর্যালোচনা শেষে আসামির উপস্থিতিতে বিচারক এই রায় দেন। আসামি পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট কামরুল ইসলাম প্রধান।   এমএসআই/এসজেডএইচ/এমএমকে