ঢাকাই চলচ্চিত্রের দর্শকপ্রিয় অভিনেত্রী শিরীন শিলা অভিনীত চারটি সিনেমা রয়েছে মুক্তির অপেক্ষায়। সিনেমাগুলো হলো মেহেদী হাসান পরিচালিত ‘নদীর জলে শাপলা ভাসে’, আবুল হোসেন মজমুদারের ‘ভালোবাসি তোমায়’, কামরুজ্জামানের ‘যাযাবার’ এবং এসডি রুবেলের ‘নীল আকাশে পাখি উড়ে’। শিরীন শিলা জানান, চারটি সিনেমার মধ্যে তিনটির কাজ ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। শুধু ‘যাযাবার’ সিনেমার কিছু অংশের শুটিং বাকি রয়েছে। নিজের নতুন সিনেমাগুলো নিয়ে আশাবাদী এই অভিনেত্রী। তিনি বলেন, “মুক্তির অপেক্ষায় থাকা চারটি সিনেমার গল্পই খুব সুন্দর। বিশেষ করে ‘নদীর জলে শাপলা ভাসে’ এবং ‘ভালোবাসি তোমায়’-এর গল্প আমার খুব পছন্দের। অন্য দুটি সিনেমার গল্পও দারুণ। মজুমদার ভাই ও কামরুজ্জামান ভাই তাদের সিনেমাগুলো খুব আন্তরিকতা দিয়ে নির্মাণ করেছেন। আমার চরিত্রগুলো নিয়েও আমি ভীষণ আশাবাদী।”তিনি আরও বলেন, “‘নদীর জলে শাপলা ভাসে’ এবং ‘নীল আকাশে পাখি উড়ে’ ভিন্নধর্মী গল্পের সিনেমা। আমার বিশ্বাস, সিনেমাগুলো মুক্তি পেলে দর্শকদের ভালো লাগবে। এখন আগের মতো সিনেমা নির্মাণ না হলেও আমি সবসময় ভালো গল্পের অপেক্ষায় থাকি। এরই মধ্যে কয়েকটি সিনেমার প্রস্তাব পেয়েছিলাম, কিন্তু নানা কারণে কাজ করা হয়নি। আমি এখনও এমন গল্প ও চরিত্রের অপেক্ষায় আছি, যা একজন শিল্পী হিসেবে আমাকে নতুনভাবে তুলে ধরবে।”চলচ্চিত্রের বর্তমান পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন শিরীন শিলা। তার ভাষায়, “প্রত্যেক নায়িকাই ভালো গল্পে ভালো চরিত্রে অভিনয় করার স্বপ্ন দেখে। আমিও তার ব্যতিক্রম নই। তবে আমাদের চলচ্চিত্র শিল্পের বর্তমান অবস্থা সবাই জানি। এই শিল্পকে ঘুরে দাঁড়াতে হবে। আমরা আমাদের চলচ্চিত্রের হারানো ঐতিহ্য আবার ফিরে পেতে চাই।”

অভিনয়ের পাশাপাশি এবার সাংগঠনিক কর্মকাণ্ডেও যুক্ত হচ্ছেন শিরীন শিলা। আগামী ৩ জুলাই অনুষ্ঠিতব্য বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে তিনি কার্যনির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। শিল্পী সমিতির নির্বাচনে এটিই তার প্রথম অংশগ্রহণ।